পরিবেশবান্ধব কিচেন সিংক বাজারে আনলো আরএফএল
বাংলাদেশে তৈরি সর্বপ্রথম পরিবেশবান্ধব প্যাসিভেশন পলিশড স্টেইনলেস স্টিলের কিচেন সিংক বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল এর সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল)। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে পণ্যটির মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
নতুন এই সিংকটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি, যা কিচেনওয়্যার উৎপাদনে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। প্রচলিত গভীর সিংক তৈরিতে যেখানে তাপভিত্তিক অ্যানিলিং প্রক্রিয়ার প্রয়োজন হয়, সেখানে আরএফএলের এই নতুন সিংক তৈরি করা হয়েছে উন্নত মোল্ড, ডিডিকিউ (উউছ) গ্রেডের স্টেইনলেস স্টিল শিট এবং মাল্টি-স্টেজ ডিপ ড্রয়িং প্রযুক্তি ব্যবহার করে। এর ফলে, উৎপাদন প্রক্রিয়ায় জ্বালানি ব্যবহার ও গ্যাস খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে, যা সামগ্রিকভাবে পরিবেশের ওপর বিরূপ প্রভাব হ্রাসে সহায়ক।
অনুষ্ঠানে আরএন পাল বলেন, আমরা সবসময় বিশ্বমানের প্রযুক্তি স্থানীয় ভোক্তাদের কাছে পৌঁছে দিতে গুরুত্ব দিয়ে থাকি। বাংলাদেশের প্রথম প্যাসিভেশন পলিশড কিচেন সিংক উন্মোচন টেকসই উৎপাদন ব্যবস্থা এবং পরিবেশগত প্রভাব হ্রাসের প্রতিশ্রুতির প্রতিফলন। সিংকটি প্যাসিভেশন পদ্ধতিতে পলিশড হওয়ায় এটিতে শরীরের জন্য ক্ষতিকর কোনো রাসায়নিক প্রভাব থাকে না এবং এতে ব্যবহৃত হয়েছে ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল, যা মরিচা প্রতিরোধী, ব্যাকটেরিয়া জমার প্রবণতা কমায় এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য উপযোগী।
তিনি আরও বলেন, পণ্যের গুণগত মান ও ডিজাইনের কারণে আরএফএল কিচেন সিংক ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে আমরা সবসময় নতুন পণ্য উৎপাদনের চেষ্টা করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার আমরা পরিবেশবান্ধব প্যাসিভেশন পলিশড স্টেইনলেস স্টিলের কিচেন সিংক বাজারে এনেছি।
আরএফএল কিচেন সিংক এর হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম বলেন, চারটি সাইজে প্যাসিভেশন পলিশড কিচেন সিংক বাজারে পাওয়া যাবে, এর মধ্যে ডাবল বোল সিংকের সর্বোচ্চ খুচরা মূল্য ৪০০০ টাকা, সিঙ্গেল বোল সিংকের সর্বোচ্চ খুচরা মূল্য ১৭০০ টাকা থেকে ২৭৫০ টাকা পর্যন্ত। অনুমোদিত ডিলারের মাধ্যমে সারাদেশে সিংকটি পাওয়া যাবে। এছাড়া কেনাকাটার জনপ্রিয় সাইট অথবা ডটকম (www.othoba.com) এর মাধ্যমেও ক্রেতারা কিচেন সিংক কিনতে পারবেন।
আরএফএল কিচেন সিংক এর বিজনেস ইনচার্জ সঞ্জয় বিশ্বাস, ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) শেখ রাশেদ মাহমুদ, ফাইন্যান্স কন্ট্রোলার এইচ এম ফজলুল হক এবং সাব অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার ফারজানা মওরিন এ সময় উপস্থিত ছিলেন।
এএমএ/এমএস