৩ সপ্তাহে এলো ২৮ হাজার কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ২১ দিনে ২৮ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন/ফাইল ছবি

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহে ২৩০ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৮ হাজার ১৫৭ কোটি ৬০ লাখ টাকা।

এটি গত বছরের একই সময়ের চেয়ে ৩৯ কোটি ৫০ লাখ ডলার বা ৪ হাজার ৮১৯ কোটি টাকা বেশি। গত বছরের একই সময়ে এসেছিল ১৯১ কোটি ৩০ লাখ ডলার।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রেমিট্যান্স আহরণে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

তাছাড়া, চলতি ২০২৫-২৬ অর্থবছরের হিসাবে গত ১ জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এসেছে ২ হাজার ১৭৪ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে (২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি) যা ছিল ১ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি পাওয়া গেছে ২১ দশমিক ৬ শতাংশ।

বিদায়ী জানুয়ারি মাসের পুরো সময়ে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

ইএআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।