সিবিএমএসে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি জারি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর জন্য সব সেবা অনলাইনে প্রদান নিশ্চিত করতে গত বছরের ১ জানুয়ারি থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) চালু করেছে। এই স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল ব্যবহারের জন্য নির্ধারিত সহগ অনুযায়ী অনলাইনে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) গ্রহণ করতে পারছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ইউপি ইস্যু সংক্রান্ত সব সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে সিবিএমএস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট থেকে সম্পূর্ণ অনলাইনে ইউপি জারি করা হচ্ছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত মোট ২৪ হাজার ৯৬৩টি ইউপি অনলাইনে ইস্যু করা হয়েছে, যা এ ব্যবস্থার কার্যকারিতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, আমদানি-রপ্তানি সংক্রান্ত দলিল যাচাই সহজ করতে বাংলাদেশ ব্যাংকের অনলাইন সিস্টেমের সঙ্গে সিবিএমএস-এর এপিআই সংযুক্ত করা হয়েছে। ফলে এখন আর প্রতিষ্ঠানগুলোকে সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হতে হচ্ছে না।
তিনি আরও বলেন, সিবিএমএস-এর মাধ্যমে ইউপি ইস্যু প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন করতে জাতীয় রাজস্ব বোর্ড বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর (ডেডো) এবং বিজিএমইএ/বিকেএমইএ-এর ই-ইউপি সিস্টেমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
এর ফলে শিল্প প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হচ্ছে, যা দেশের রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করছে এবং বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করে তুলতে জাতীয় রাজস্ব বোর্ড পর্যায়ক্রমে বন্ড অডিটসহ বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনার সব সেবা সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে ট্রেড ফ্যাসিলিটেশন কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এসএম/এসএইচএস