তেল সংকটে স্বার্থপর মানসিকতা ভোগাচ্ছে
দেশে জ্বালানি খাতে চলমান অস্থিরতার মধ্যে বিভিন্ন স্থানে ‘প্যানিক বায়িং’ ও অবৈধ মজুতের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এমন প্রেক্ষাপটে বর্তমান সংকটের কারণ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক, জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসান।
জাগো নিউজ: দেশে তেলের ‘প্যানিক বায়িং’ চলছে। ভবিষ্যতে তেল না পাওয়ার আশঙ্কায় অনেকে অতিরিক্ত তেল কিনছেন। জনগণের সচেতনতায় এই মুহূর্তে করণীয় কী?
ড. ইজাজ হোসেন: সচেতনতার দরকার। সচেতনতার অভাবেই তো... আমি জানি না কতখানি সত্যি যে তারা প্যানিক। একটা হচ্ছে প্যানিক। আরেকটা হচ্ছে স্বার্থপরতা। আমারটা হলেই চললো, আমি পেয়ে যাচ্ছি—এরকম চিন্তা-ভাবনা করছে অনেকে, যা ভোগাচ্ছে।
আমাদের প্রধানমন্ত্রীও জনগণের কাছে একটা বার্তা দিলে ভালো হয় যে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা এই চেষ্টা করছি। আমরা দেখছি টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে। সর্বোচ্চ লেভেল থেকে দিতে হবে। মন্ত্রী দিলেও হবে না, প্রধানমন্ত্রীকে দিতে হবে, আমরা চেষ্টা করছি আপনাদের অসুবিধা না হয়, সচেতনতা বাড়াতে হবে।
জাগো নিউজ: সরকার ঘোষণা দিয়েছে অবৈধ তেলের মজুত যদি কেউ ধরিয়ে দেয় তাহলে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। অভিযানও অব্যাহত আছে, তারপরও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অবৈধ তেল মজুত করে রাখা হচ্ছে। সরকার কেন নিয়ন্ত্রণে আনতে পারছে না?
আরও পড়ুন
এবার স্পট মার্কেট থেকে এক লাখ টন অকটেন কিনছে বিপিসি
আমদানি না হলে ২১ দিনে শেষ হবে অকটেন, ৩৩ দিনে পেট্রোল
জ্বালানি মজুত সক্ষমতা না বাড়ালে ঝুঁকিতে পড়বে বাংলাদেশ
ড. ইজাজ হোসেন: আমিও একটু আশ্চর্য হচ্ছি যে, সরকার কেন আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে না। বাস্তবে আইনটা অবশ্য অত কঠোর নয়। শাস্তিগুলো খুবই কম। কারণ এগুলো হচ্ছে সাধারণ সময়ে যারা মজুত করে তখন এটা অন্যভাবে দেখা হয়, যে এটার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটার ভয় থাকে কি না অথবা ওরা ভেজাল মেশালো কি না! কিন্তু ক্রাইসিসের সময় এটা তো অন্যরকম। একেবারে আমাদের আইনটা সংকটের জন্য সামঞ্জস্যপূর্ণ বা উপযুক্ত নয়।
যারা অবৈধ মজুত করছে তাদের আইনের আওতায় এনে আরও কঠোর শাস্তির বিধান করতে হবে, যাতে দৃষ্টান্ত হয়ে থাকে। কারণ এখন আমরা একটা সংকটের মধ্যে আছি, অবৈধ মজুত এ সংকটটা বাড়িয়ে দিচ্ছে। এটা বড় ক্রাইম।
জাগো নিউজ: ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের কী কী আগাম পদক্ষেপ নেওয়া প্রয়োজন?
ড. ইজাজ হোসেন: আমাদের ডিজেল ইম্পোর্ট করতে হয় মিলিয়ন টনের বেশি, এটা মোটামুটি সম্পূর্ণটাই ইম্পোর্টেড। আমাদের পেট্রোল আর অকটেনের ব্যবহার মিলিয়ন টনেরও কম, তার মধ্যে ৭০ শতাংশই আমাদের দেশে উৎপাদন হয়।
পাম্পে কোনো সাধারণ সময়ে আমি যতখানি ভিড় পাই, ঠিক তেমনি আমি তেল ভরে নিয়ে চলে এলাম। আর উল্টা দিকে দেখলাম যে বিশাল লাইন অকটেন-পেট্রোলের জন্য। এরপর তেল দিচ্ছে খুবই ধীরগতিতে। সাধারণ সময়ে একটু এদিক-ওদিক হলেই পাম্পে মোটারসাইকেলে লম্বা লাইন লেগে যায়। আর এখন তো অবস্থা একটু খারাপ। আমার মনে হয় সরকার ডিজেল যেহেতু সামাল দিতে পারছে, সেহেতু পেট্রোল-অকটেন পরিস্থিতিও সামাল দিতে পারবে। সরকারের সবগুলো অরগ্যানকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
এনএস/এএসএ/এমএফএ