কৃষি-শিল্পে বিনিয়োগ বাড়লে বড় উন্নয়ন সম্ভব: আহসান খান চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী/ছবি: জাগো নিউজ

দেশে কৃষি, শিল্প ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়লে বড় ধরনের উন্নয়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে এ বৈঠক করেন প্রধানমন্ত্রী।

আহসান খান চৌধুরী জানান, বৈঠকে দেশের কৃষি, শিল্প ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গসহ প্রত্যন্ত অঞ্চলে কৃষি ও শিল্পের বিকাশ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

চিনি শিল্পে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী উৎসাহ দিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ফল উৎপাদন, পোলট্রি, মৎস্য খাত ও বীজ ব্যবস্থাপনাসহ কৃষি খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তাদের লক্ষ্য একটি সমন্বিত কৃষি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও বলেন, ‘আমরা চাই বাংলাদেশে কৃষিতে বিপ্লব ঘটুক, উৎপাদন বাড়ুক এবং ব্যবসায়িক পরিবেশ আরও সহজ ও গতিশীল হোক।’

তিনি জানান, বৈঠকে কৃষি জোনিংয়ের বিষয়টিও উঠে আসে। কোন এলাকায় ধান, কোথায় ফল ও কোথায় অন্যান্য শস্য উৎপাদন করা যায়, সে অনুযায়ী জোনভিত্তিক পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং বিনিয়োগ আরও উৎসাহিত করার কথা বলেন।

আহসান খান চৌধুরী বলেন, সরকার এরই মধ্যে সৌরবিদ্যুৎ ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) খাতে কর সুবিধা দিয়েছে। পাশাপাশি যমুনা সেতু পারাপারে ইভি যানবাহনের জন্য টোল সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি ও শিল্প খাতে বড় ধরনের উন্নয়ন সম্ভব হবে।

কেএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।