রিহ্যাবের নবনির্বাচিত বোর্ডকে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের সংবর্ধনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৪ মে ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রিহ্যাবের নবনির্বাচিত বোর্ডকে সংবর্ধনা

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে সংবর্ধনা জানিয়েছে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরাম।

সোমবার (৪ মে) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আবাসন খাত থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও সম্মাননা জানানো হয়। আয়োজকরা মনে করেন, এটি আবাসন শিল্পের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নীতিগত সহায়তারই প্রতিফলন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, দেশের উন্নয়ন ও নগরায়ণে আবাসন খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন।

আরও পড়ুন
রিহ্যাবের নতুন নেতৃত্বে আলী আফজাল ও আবদুর রাজ্জাক

অনুষ্ঠানে রিহ্যাবের নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের সভাপতি ও সংসদ সদস্য মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকসহ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও মোহাম্মদ আক্তার বিশ্বাস, আবু খালিদ মো. বরকাত উল্লাহ, এ.এফ.এম ওবায়দুল্লাহ, মোহাম্মদ মোরশেদুল হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ও ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের সাধারণ সম্পাদক ড. মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে আবাসন খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং নগরায়ণে এ খাতের অবদান উল্লেখযোগ্য। তারা নবনির্বাচিত বোর্ডের ওপর আস্থা প্রকাশ করে বলেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে খাতটিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ সংবর্ধনা নবনির্বাচিত বোর্ডকে দায়িত্ব পালনে উৎসাহিত করবে। তিনি আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সঠিক নীতি সহায়তা ও পরিকল্পনার মাধ্যমে আবাসন খাতকে ঘুরে দাঁড় করানো সম্ভব। তিনি সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা আবাসন খাতের উন্নয়নে নীতিগত সহায়তা, সহজ ঋণ সুবিধা, কর কাঠামোর সংস্কার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি টেকসই নগর পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে আবাসন খাতের উদ্যোক্তা, ডেভেলপার, নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ইএআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।