শেরেবাংলা নগরে হবে ১২তলা অফিস ভবন, ব্যয় ১০৮ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৭ মে ২০২৬
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়

রাজধানীর শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় ১২তলা বিশিষ্ট একটি আধুনিক সরকারি অফিস ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১০৮ কোটি টাকার বেশি।  

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় ৩টি বেজমেন্টসহ ১২তলা অফিস ভবন নির্মাণ, অভ্যন্তরীণ স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়ন কাজ’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ ডব্লিউ-০২- এর আওতায় এই নির্মাণ কাজটি বাস্তবায়িত হবে। প্রস্তাবটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।  

জানা গেছে, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইজিপি (অনলাইনে সরকারি ক্রয় পদ্ধতি)-তে দরপত্র আহ্বান করা হলে ১৩টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ৮টি দরপত্র কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।   

আরও পড়ুন
পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে 
বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা 

পরবর্তীতে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশে কারিগরি ও আর্থিকভাবে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেডকে কাজটি দেওয়ার সিদ্ধান্ত হয়। 

প্রস্তাব অনুযায়ী, ১০৮ কোটি ৭০ লাখ ৬৬ হাজার ৪৪৪ টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটি নির্মাণকাজ সম্পন্ন করবে। পুরো অর্থ সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে।  

‘ঢাকার শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় বহুতল সরকারি অফিস ভবন নির্মাণ’ প্রকল্পটি ২০২৩ সালের ৯ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৭১ কোটি ৭২ লাখ ৯৩ হাজার টাকা।  

প্রকল্পের আওতায় ৩টি বেজমেন্টসহ ১২তলা বিশিষ্ট অফিস ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি অভ্যন্তরীণ স্যানিটারি, পানি সরবরাহ এবং বিদ্যুতায়ন কাজও সম্পন্ন করা হবে। 

এমএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।