‘মিঠাইয়ের সাথে সবুজের পথে’ ক্যাম্পেইন শুরু
দেশের জনপ্রিয় মিষ্টান্ন ও বেকারি ব্র্যান্ড ‘মিঠাই’ পরিবেশ সুরক্ষা ও সুস্থ জীবনযাপনে সচেতনতা বাড়াতে ‘মিঠাইয়ের সাথে সবুজের পথে’ শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের মাঝে তিন হাজার ইনডোর প্ল্যান্ট বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্ধারিত আউটলেট থেকে মিঠাইয়ের কেক কিনলে গ্রাহকদের উপহার হিসেবে দেওয়া হচ্ছে ইনডোর প্ল্যান্ট। ঘরের অভ্যন্তরীণ বাতাস বিশুদ্ধ রাখা এবং নগর জীবনে সবুজের উপস্থিতি বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
মিঠাইয়ের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম বলেন, বর্তমানে বায়ুদূষণ নগর জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। আইকিউএয়ার এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর একটি। এই বাস্তবতায় ইনডোর প্ল্যান্ট ঘরের বাতাসের গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। সামাজিক সচেতনতা তৈরি এবং পরিবেশবান্ধব জীবনধারাকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, মিঠাই সবসময়ই গ্রাহকদের সঙ্গে ইতিবাচক ও মানবিক উদ্যোগে সম্পৃক্ত থাকতে বিশ্বাস করে। ‘মিঠাইয়ের সাথে সবুজের পথে’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা প্রতিটি পরিবারকে ছোট ছোট সবুজ উদ্যোগের অংশীদার করতে চাই।
মিঠাইয়ের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ জানান, সম্প্রতি ক্যাম্পেইনটি চালু হয়েছে এবং এরই মধ্যে ৫০০ ইনডোর প্ল্যান্ট বিতরণ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে প্রায় তিন হাজার ইনডোর প্ল্যান্ট বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে রাজধানীর ধানমন্ডি, মিরপুর, উত্তরা, বাড্ডা ও নিকেতনসহ ১০টি নির্ধারিত আউটলেট থেকে কেক কিনলে গ্রাহকরা এই ইনডোর প্ল্যান্ট সংগ্রহ করতে পারবেন। ক্যাম্পেইন সম্পর্কিত বিস্তারিত তথ্য মিঠাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/mithaibd) পাওয়া যাবে।
ইএ