ইতালিতে রফতানির পরিমাণ ২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াবে
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের তৈরি পণ্য ইতালিতে জনপ্রিয়। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ইতালিতে বাংলাদেশের তৈরি পণ্যের রফতানির পরিমাণ ২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। গত ২০১২-১৩ সালে ইতালিতে রফতানি হয়েছে ১ হাজার ৩৬ মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানি ছিল ২৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৩-১৪ অর্থ বছরে রফতানি হয়েছে ১ হাজার ৩৩২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার, একই সময়ে আমদানি হয়েছে ২৮৭ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার। গত এক বছরে ইতালিতে রফতানি বেড়েছে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। ইতালির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ভালো। ইতালির অনেক যন্ত্রপাতি বাংলাদেশের কলকারখানায় ব্যবহার করা হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে সফররত ইতালির পররাষ্ট্র উপমন্ত্রী সেন বেনিদিত্তো ডেল্লা ভেডোভা -এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের তৈরি পণ্য ইতালির বাজারে জনপ্রিয় করে তোলার জন্য ইতালির বাণিজ্য মেলায় বাংলাদেশ অংশ গ্রহণ করে থাকে। ইতালিতে বাংলাদেশের পণ্যের চাহিদা বেড়েই চলছে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবার পরও যাতে এলডিসিভুক্ত দেশের চলতি সুযোগ-সুবিধা পায়, সে বিষয়ে ইতালির পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে মতবিনিময় করা হয়েছে।
মন্ত্রী ইতালি প্রতিনিধি দলকে বলেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোকে নিরাপদ ও কর্মবান্ধব করা হয়েছে। শ্রম আইন সংশোধন করে সয়োপযোগী করা হয়েছে। ফায়ার সেফটি ও বিল্ডিং সেফটি নিশ্চিত করা হয়েছে। ক্রেতাগোষ্টির প্রতিনিধি এ্যাকর্ড ও এ্যালায়েন্স এ পর্যন্ত প্রায় আড়াই হাজার তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছে। এর মধ্যে মাত্র ১.৮ ভাগ কারখানায় ক্রুটি পাওয়া গেছে, যা আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য। বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে বিভিন্ন সময়ে অপ্রচার চালানো হয়েছে।
তোফায়েল আহমেদ দেশের চলমান রাজনৈতিক বিষয়ে বলেন, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশের অগ্রগতি প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। এ অরাজকতা দেশের মানুষ সমর্থন করে না। দেশের মানুষের জীবন যাত্রা এখন স্বাভাবিক হয়ে এসেছে। এ বিষয়ে ইতালির পররাষ্ট্র উপমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. শওকত আলী ওযারেছী এ সময় উপস্থিত ছিলেন।
এসএ/আরএস