ডিএসইতে রাজস্ব আদায় বেড়েছে ২৬ শতাংশ
এক মাসের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)রাজস্ব আদায় বেড়েছে ৩ কোটি ৭ লাখ ৮১ হাজার ২৬০ টাকা বা ২৬ দশমিক ১৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বছরের শুরু থেকে রাজনৈতিক সহিংসতার কারণে দেশের শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করছিল। গত মাসের থেকে কিছুটা স্বাভাবিক হওয়ায় বাজারে লেনেদেন বেড়েছে। ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন এ খাত সংশ্লিষ্টরা।
তথ্য অনুযায়ী, মার্চে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৪৬২ টাকা। যা ফেব্রুয়ারির তুলনায় ৩ কোটি ৭ লাখ ৮১ হাজার ২৬০ টাকা বেশি। ফেব্রুয়ারিতে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছিল ৮ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার ২০৯ টাকা।
জানা গেছে, শেয়ারবাজারের আদায়কৃত যে রাজস্ব ডিএসই সরকারের কাছে জমা দেয় তা দুই খাত থেকে সংগ্রহ করা হয়। এর মধ্যে আছে ডিএসইর সদস্য বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি থেকে সংগৃহীত রাজস্ব।
মার্চে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ডিএসই ৬ কোটি ১৩ লাখ ৯২ হাজার ৪৭৩ টাকা রাজস্ব আদায় হয়েছে। ফেব্রুয়ারির তুলনায় ৭৭ লাখ ৮৯ হাজার ৩৩৬ টাকা বা ১২ দশমিক ৬৯ শতাংশ বেশি। ফেব্রুয়ারিতে রাজস্ব আদায় হয়েছিল ৫ কোটি ৩৬ লাখ ৩ হাজার ১৩৭ টাকা।
উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে মার্চে রাজস্ব আদায় হয়েছে ৫ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার ৯৮৯ টাকা। যা ফেব্রুয়ারির তুলনায় ২ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৯১৭ টাকা বা ৪০ দশমিক ৮০ শতাংশ বেশি। ফেব্রুয়ারিতে ডিএসই উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় করেছিল ৩ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ৭২টাকা।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই ২০১৪-১৫ হিসাব বছরের ফেব্রুয়ারি মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় হয়েছে।
এসআই/এসআরজে