পোশাক খাতে কার্বন নিঃসরণ কমাতে বিজিএমইএ-আইভি ডিকার্বের সমঝোতা
বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পে কার্বন নিঃসরণ কমানো এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএলের মধ্যে বুধবার (৬ মে) এ সমঝোতা স্মারক সই হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজিএমইএর সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান এবং আইভি ডিকার্বের ব্যবস্থাপনা পরিচালক হোসে ম্যানুয়েল ক্যাবালেরো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এসময় বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী এবং আইভি ডিকার্বের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের অধীনে বিজিএমইএ এবং আইভি ডিকার্ব যৌথভাবে বিজিএমইএর সদস্য কারখানাগুলোর মধ্যে কার্বন নিঃসরণ হ্রাসের আধুনিক কৌশলগুলো তুলে ধরবে এবং উন্নত ও বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্রপাতি গ্রহণে সহায়তা করবে। এছাড়া, টেক্সটাইল যন্ত্রপাতি আধুনিকায়নের ফলে উৎপাদনশীলতা এবং টেকসই উন্নয়নের ওপর যে ইতিবাচক প্রভাব পড়ে, তা সঠিকভাবে নিরূপণে আইভি ডিকার্ব এর মূল্যায়ন পদ্ধতিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই অংশীদারত্ব কাজ করবে।
অনুষ্ঠানে ভিদিয়া অমৃত খান বলেন, কার্বন নিঃসরণ হ্রাস করা এখন আর কেবল পরিবেশগত সদিচ্ছার বিষয় নয়, বরং এটি বাংলাদেশের পোশাক শিল্পের বৈশ্বিক সক্ষমতা ও প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান শর্তে পরিণত হয়েছে। আইভি ডিকার্বের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে বিজিএমইএ তার সদস্য কারখানাগুলোকে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ুর ওপর ইতিবাচক প্রভাব নিশ্চিত করার একটি কার্যকর ও ব্যবহারিক পথ দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ।
হোসে ম্যানুয়েল ক্যাবালেরো বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকারী দেশ। টেকসই উন্নয়নে বিজিএমইএর বলিষ্ঠ নেতৃত্ব এই অংশীদারত্বকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আমরা বিজিএমইএর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হলো, প্রযুক্তিগত সুযোগগুলো শনাক্ত করে কারখানাগুলোকে কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করা এবং শিল্প উদ্যোক্তাদের আধুনিক যন্ত্রপাতি, অর্থায়ন ও প্রভাব পরিমাপের সমাধানের সঙ্গে যুক্ত করা।
এই সমঝোতা স্মারক বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই, সম্পদ-সাশ্রয়ী এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে বিজিএমইএর নিরন্তর প্রচেষ্টারই এক বাস্তব প্রতিফলন। বৈশ্বিক টেকসই মানদণ্ডের সঙ্গে তাল মিলিয়ে শিল্পক্ষেত্রে কার্বন নিঃসরণ হ্রাসের কার্যকর সমাধান বাস্তবায়নে এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
একিউএফ/