তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রথম হবে : বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৫ মে ২০১৫

অদূর ভবিষ্যতে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রথম স্থান দখল করবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং জার্মান কোম্পানি এসএপি ট্রেনিং একাডেমি আয়োজিত ‘আরএমজি টেক্সটাইল এন্ড ট্রেনিং ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জার্মানীর সিসটেম এপ্লিকেশন প্রোডাক্ট (এসএপি) বাংলাদেশের তৈরি পোশাক ও সফ্টওয়্যার খাতে অবদান রাখার সুযোগ পাবে। বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। প্রথম অবস্থানে রয়েছে চীন। চীন তৈরি পোশাক রপ্তানিতে আগ্রহ কমিয়েছে। তৈরি পোশাক রপ্তানিকারকগণ বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আগামী ২০২১ সালে শুধু তৈরী পোষাক রপ্তানি ৫০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে।

মন্ত্রী আরো বলেন, জার্মানী বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। একক দেশ হিসেবে জার্মানী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানি বাজার। বাংলাদেশ জার্মানীতে প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে থাকে। একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার এক নম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি বছর প্রায় ৫ দশমিক ৪ এবং ইউরোপিয় ইউনিয়নে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়ে থাকে।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নয়নে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রায় সকল ক্ষেত্রে এগিয়ে রয়েছে। ভারতের নোবেল বিজয়ী অমর্ত সেনের মতে সামাজিক অনেক ক্ষেত্রে ভারতের থেকেও বাংলাদেশ এগিয়ে রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি এ বছর ৩২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে, গত বছর রপ্তানি অর্জিত হয়েছে ৩০ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের রিজার্ভ এখন ২৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, রেমিটেন্স ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি এবং ব্যালেন্স অফ পেমেন্ট পজেটিভ। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছিল, তারাই আজ বলছেন, বাংলাদেশ মিরাকল। পৃথিবীর প্রতিষ্ঠিত অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র উঠে এসেছে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।