এফবিসিসিআই নির্বাচন : চেম্বারে এগিয়ে মাতলুবের উন্নয়ন পরিষদ
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-১৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের চেম্বর গ্রুপে এগিয়ে আছেন মাতলুব আহমাদের নেতৃত্বাধীন `ব্যবসায়ী উন্নয়ন পরিষদ` প্যানেল। চেম্বার গ্রুপের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।
জানা যায়, `ব্যবসায়ী উন্নয়ন পরিষদ` থেকে ১২ জন এবং স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ থেকে ৪ জন পরিচালক সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এফবিসিসিআই নির্বাচন বোর্ড সূত্র জানিয়েছে, মোট ভোটের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে উন্নয়ন পরিষদের প্রার্থীদের মধ্যে ময়মনসিংহ চেম্বারের মো. আমিনুল হক শামীম ৩৩৫, চুয়াডাঙ্গা চেম্বারের দিলীপ কুমার আগারওয়াল ৩১৮, কিশোরগঞ্জ চেম্বারের গাজী গোলাম আসরিয়া ৩১২, গোপালগঞ্জ চেম্বারের শেখ ফজলে ফাহিম ২৯৬, বরিশাল চেম্বারের মো. নিজাম উদ্দিন ২৯৫, নরসিংদী চেম্বারের প্রবীর কুমার সাহা ২৮৫, সুনামগঞ্জ চেম্বারের মো. নুরুল হুদা মুকুট ২৬৪, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হাসিনা নেওয়াজ ২৫৫, মেহেরপুর চেম্বারের নাগিবুল ইসলাম দিপু ২৪৯, নারায়ণগঞ্জ চেম্বারের মো. বজলুর রহমান ২৪০, গাজীপুর চেম্বারের মো. আনোয়ার সাদাত সরকার ২৩৯, জামালপুর চেম্বারের রেজাউল করিম রেজনু ২১৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।
এছাড়া স্বাধীনতা পরিষদের বর্তমান সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ২৯৩, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু ২৩৩ এবং কুমিল্লা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসুদ পারভেজ খান (ইমরান) ২৪৬ পরিচালক নির্বাচিত হয়েছেন।
সমান ভোট পেয়েছেন একই প্যানেলের মুন্সিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোহিনুর ইসলাম এবং শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মোহাম্মদ মাসুদ। তারা প্রত্যেকেই ২০৫ ভোট পেয়েছেন। এদের থেকে লটারির মাধ্যমে একজনকে পরিচালক নির্বাচিত করা হবে।
এর আগে শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত
পরিচালনা পর্ষদের নির্বাচনের চেম্বার গ্রুপের ৪৩৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪১৮টি অর্থাৎ ৯৬ শতাংশ।
এসআই/আরএস