নকল কাগজে ঋণ পাচ্ছেন ভুয়া ব্যক্তিরা!


প্রকাশিত: ১১:১১ এএম, ২৪ মে ২০১৫

ভুয়া কাগজপত্র জমা দিয়ে কৃষি ব্যাংক থেকে বিভিন্ন অস্থিত্বহীন প্রকল্পের নামে ঋণ নিয়ে যাচ্ছেন অনেক গ্রাহক। ব্যাংকটির অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় নেয়া এসব অবৈধ ঋণ বছরের পর বছর রিকোভারি হয় না। ফলে লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিকে।

জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যাংকটির কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। একইসঙ্গে ঋণ প্রদানের বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, আব্দুর রউফ এবং অ্যাডভোকেট নাভানা আক্তার অংশ নেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের সার্বিক কার্যক্রম, অডিট এবং আর্থিক বিষয়াদি সমন্বয় সস্পর্কে আলোচনা হয়। এসময় কমিটির সদস্যদের প্রশ্নের জবাবে ব্যাংক যেসব খাতে ঋণ প্রদান করে সেগুলো তুলে ধরা হয়। ভবিষ্যতে কোনো ভুয়া ব্যক্তি যেন ঋণ গ্রহণ করতে না পারে সে বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে সুপারিশ করে কমিটি। এছাড়া বৈঠকে ব্যাংকের যেসব অডিটে আপত্তি রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে কমিটি।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।