কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সভা বিকালে


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ২৭ মে ২০১৫

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পুঁজিবাজার ও আর্থিক খাত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে আজ(বুধবার)বিকেল ৩টায়। বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নরের উপস্থিতিতে এ সভায় বর্তমান পুঁজিবাজারের আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগসীমা বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

সভায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেসি) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) প্রতিনিধিরা অংশ নেবে।

সভার আলোচনায় শেয়ারবাজারে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং এদের সহযোগী মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার ডিলারদের বিনিয়োগসীমা হিসাবের পদ্ধতি পুনর্মূল্যায়নের বিষয়টি অধিক গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রে জানায়, বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় শেয়ারবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগসীমা নির্ধারিত সীমায় নামিয়ে আনা ও বিনিয়োগ গণনা পদ্ধতির বিষয়টিই সমন্বয় সভার আলোচনায় গুরুত্ব পাবে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ন্ত্রণের কারণে প্রায়ই বাজারে অস্থিরতা তৈরি করছে বলে স্টেকহোল্ডাররা অভিযোগ জানিয়ে আসছেন। সম্প্রতি অর্থমন্ত্রীর কাছেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারবাজারে বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনার সময় বাড়ানোর আবেদন জানিয়েছে বিভিন্ন সংগঠন। তাদের বক্তব্য সরকারের শীর্ষ নীতিনির্ধারক মহল থেকেও সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে।

জানা গেছে, এ অবস্থায় আজকের সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করবে বিএসইসি এবং বাজারের স্বার্থে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে নমনীয় ভূমিকা পালনের অনুরোধ জানানো হবে।

এসআই/জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।