অবৈধ অর্থনৈতিক কার্যক্রমে জড়িতদের শাস্তি : মোবারক হোসেন
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের মহাব্যবস্থাপক মোবারক হোসেন বলেছেন, আমাদের দেশে একটি মারাত্মক অপরাধ হচ্ছে এন্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন। তাই এন্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। অবৈধ অর্থনৈতিক কার্যক্রমে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা উচিত।
শনিবার দুপুরে সিলেট নগরের সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. এর উদ্যোগে `এন্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ` শীর্ষক বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, গ্রাহকের চাহিদা পূরণে ও সেবার মান নিশ্চিত করতে উন্নত ব্যাংকিং পরিচালনায় দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদেরকে নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
ইউসিবিএল ঢাকা প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিসিসিডি প্রধান আবু সাদেক মিয়ার সভাপতিত্বে এবং ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এ ওয়াদুদ মিয়ার পরিচালনায় প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম পরিচালক হারুনুর রশীদ ও উপ-পরিচালক সমীরন দাশ।
কর্মশালা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউসিবিএল সিলেট শাখার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট আমিনুল হক চৌধুরী। অনুষ্ঠানে সিলেট বিভাগের ১৪টি শাখার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ছামির মাহমুদ/এমজেড/আরআইপি