পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ট্রাফিক পুলিশের ‘হেলথ ক্যাম্প’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৬ মে ২০২৬
তেজগাঁওয়ে ডিএমপির ট্রাফিক পুলিশের ‘হেলথ ক্যাম্প’

পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল এলাকাসহ বিভিন্ন বাস পয়েন্টে পাক্ষিক হেলথ ক্যাম্প আয়োজন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (১৬ মে) রাজধানীর ফার্মগেট, গাবতলী বাস টার্মিনাল এলাকা ও মহাখালী বাস টার্মিনাল এলাকায় স্বাস্থ্যসেবার এই অস্থায়ী ক্যাম্প দেখা গেছে।

এদিন সকাল সাড়ে ১০টায় ক্যাম্পের উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

আনিছুর রহমান বলেন, পরিবহন শ্রমিকরা দেশের যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

ট্রাফিক গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত এ হেলথ ক্যাম্পে পরিবহন চালক ও সহকারীদের ব্লাড প্রেসার, ব্লাড সুগার এবং বেসিক আই টেস্টসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাপত্রও প্রদান করা হয়।

jagonews24

জানা গেছে, এ ক্যাম্পে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়ে সার্বিক সহযোগিতা করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়াও রাজধানীর ফার্মগেট এলাকার ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেছে আল-রাজী হাসপাতাল লিমিটেড।

তেজগাঁও ট্রাফিক জোনের এসি মো. ওমর আলী বলেন, ঈদকে সামনে রেখে ড্রাইভার- হেলপারদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের সেবা কার্যক্রম চলমান।

কেআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।