আজ শুরু হচ্ছে রিহ্যাবের আবাসন মেলা
চার দিনব্যাপী আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব সামার ফেয়ার-২০১৫ আজ থেকে শুরু হচ্ছে । রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা চলবে ১২ জুন পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এবারের মেলায় দেড় শতাধিক আবাসন স্টলের পাশাপাশি ২৮টি ভবন তৈরির উপকরণ সরবরাহকারী ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলার কো-স্পন্সর হিসেবে থাকছে আরও ১১টি প্রতিষ্ঠান। মেলায় প্রবেশ টিকিট সিঙ্গেল এন্ট্রি ৫০ টাকা ও মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা। তবে মাল্টিপল টিকিট দিয়ে দর্শনার্থীরা মোট চারবার প্রবেশ করতে পারবেন।
মেলা সম্পর্কে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, এবারের মেলা নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশি। বাজেটে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) ছাড় দেওয়া হয়েছে। আমরা আশা করছি, এবারের মেলায় অনেক দর্শনার্থীর সমাগম ঘটবে।
রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া জানান, মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০টা থেকেই ক্রেতারা মেলায় যেতে পারবে। তবে উদ্বোধন হবে বিকালে।
এসকেডি/এমএস