বুলডোজার অভিযানের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর উত্তর প্রদেশ স্টাইলে বুলডোজার দিয়ে বেআইনি আবাসন উচ্ছেদ, ধর্মীয় স্থানে লাউডস্পিকারের শব্দ নিয়ন্ত্রণ ও রাস্তা আটকে নামাজ পড়ার ওপর সরকারি বিধিনিষেধের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ করেছেন মুসলিমরা।
রোববার (১৭ মে) অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট ক্রসিংয়ে বিক্ষোভ করেন। এসময় কলকাতা পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
সে সময় উত্তেজিত জনতা পুলিশ ও সরকারি যানবাহনের ওপর পাথর ছোড়ে বলে অভিযোগ ওঠে। এর পরপরই পার্ক সার্কাস সেভেন পয়েন্টে কলকাতা পুলিশের বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীদের দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সুপরিকল্পিতভাবে সংখ্যালঘুদের অধিকার খর্ব করার চেষ্টা চলছে। আজান ও নামাজ সংক্রান্ত সাম্প্রতিক কিছু প্রশাসনিক কড়াকড়ির ফলেই এই ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে কলকাতা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এখানে একটি অবৈধ জমায়েতের চেষ্টা করা হয়েছিল। তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করছিল। পুলিশের ওপরেও আক্রমণ করা হয়েছে এবং পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে যা আইনি পদক্ষেপ নেওয়ার, তা আমরা নিয়েছি। আমাদের তিনজন কর্মী আহত হয়েছেন।’
বর্তমানে পার্ক সার্কাস এলাকায় পুলিশসহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ডিডি/কেএএ/