একনেকে ৮ প্রকল্প অনুমোদন
আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব সফিকুল আজম এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খান।
মন্ত্রী বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫৭৬ কোটি ৩২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের এক হাজার ৫৬০ কোটি ৮২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৫ কোটি ৫০ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে তেজগাঁও-এ বিসিকের বহুতল ভবন নির্মাণ প্রকল্প, যা বাস্তবায়নে মোট ব্যয় হবে ৬২ কোটি টাকা, জেলা সড়ক উন্নয়ন প্রকল্প, বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯৯৬ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়া আট প্রকল্পে আরো রয়েছে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণ, যার ব্যয় ৭৩ কোটি ৪২ লাখ টাকা ও ৩৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে পুলিশ বিভাগের ৫০টি সার্কেল এএসপির অফিস কাম বাসভবন নির্মাণ।
সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্র স্থাপনে ৪৪ কোটি ৫১ লাখ টাকা ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও পাশ্ববর্তী এলাকা সংরক্ষণের লক্ষ্যে পদ্মা নদীর ডান তীর সংরক্ষণে ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি ৬৮ লাখ টাকা।
এছাড়া প্রকল্পে চট্টগ্রামস্থ পারকি ও পতেঙ্গায় পর্যটন সুবিধাদি প্রবর্তন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৬১ লাখ টাকা ও উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র (ইউএলডিসি) স্থাপনে (৩য় পর্যায়) ১৩১ কোটি ১৫ লাখ টাকা।
এসএ/বিএ/এমএস