রাজস্ব আদায় প্রস্তাবিত বাজেটে বড় চ্যালেঞ্জ
প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন এমন আশঙ্কা প্রকাশ করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার রাজধানীর হোটেল লেকশোরে ‘জাতীয় বাজেট ২০১৫-১৬ পর্যালোচনা’ শীর্ষক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ আশঙ্কা প্রকাশ করেন সিডিপির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, এবারের প্রস্তাবিত বাজেটের অন্যতম চ্যালেঞ্জ হলো রাজস্ব আদায়। কারণ চলতি অর্থবছরেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ৩০ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন ব্যহত হবে।
সিপিডির নির্বাহী পরিচালক জানান, আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাত ভাগ অর্জন করতে অতিরিক্ত ৫৭ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ দরকার। ওই অর্থবছরে ৯৭ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। এটার বাস্তবায়নও সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ।
এ সময় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ আরো উপস্থিত ছিলেন- অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান প্রমুখ।
এসআই/এসএইচএস/আরআই