ডুয়েটের সব গেট বন্ধ করে ব্লকেড কর্মসূচিতে শিক্ষার্থীরা
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রোববার (১৭ মে) রাতে ডুয়েটের ক্যাম্পাসে শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন।
সোমবার (১৮ মে) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো ফটক বন্ধ করে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী ব্যতীত কাউকে এসব ফটক দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মূলত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য যেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে না পারেন সেজন্য প্রতিটি ফটকে পাহারায় রয়েছেন তারা।
রোববার দুই পক্ষের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। বিপুলসংখ্যক পুলিশ সদস্য ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন।

রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা তিন দফা দাবি পেশ করেছেন। এর মধ্যে রয়েছে রোববার সংঘর্ষের ঘটনায় দায়ী ছাত্রদলের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং রোববারের সংঘর্ষের ঘটনায় ডুয়েটের যেসব শিক্ষার্থী আহত হয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ের খরচে চিকিৎসা প্রদান করা।
শিক্ষার্থীরা বলেন, যে ভিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রক্ত ঝরেছে সেই ভিসিকে তারা ক্যাম্পাসে গ্রহণ করবেন না।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েট থেকে সিনিয়র শিক্ষকদের মধ্যে একজনকে উপাচার্য নিয়োগ দিতে হবে। বহিরাগত বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে তারা উপাচার্য হিসেবে মেনে নেবেন না।
রোববারের সংঘর্ষের ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছেন। তবে ইসলামী ছাত্র শিবির এই হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেন।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম