ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
এজিএমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের ব্যালেন্সশিট, লাভ-লোকসানের হিসাব এবং পরিচালনা পরিষদের প্রতিবেদন ও নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদন করা হয়।
সভায় ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান সৌদী আরবের ইউসিফ আবদুল্লাহ আল রাজী, সৌদী আরবের আরাবসাস ট্রাভেল অ্যান্ড টুরিস্ট এজেন্সির প্রতিনিধি ড. আবদুল হামিদ ফুয়াদ আল খতীব, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রতিনিধি ড. আরিফ সুলেমান, কুয়েত আওকাফ পাবলিক ফাউন্ডেশনের প্রতিনিধি নাসের আহমদ আল-খুদার এবং নবনির্বাচিত ডাইরেক্টর আল-রাজী কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড-এর প্রতিনিধি এএইচজি মহিউদ্দীন সভায় বক্তব্য রাখেন।
এসময় শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শেখ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দিনসহ দেশি-বিদেশি ডাইরেক্টর, শেয়ারহোল্ডারগণ, ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান এবং উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ডাইরেক্টর হিসেবে ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার পুনঃনির্বাচিত এবং আল-রাজী কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড-এর প্রতিনিধি এএইচজি মহিউদ্দীন নির্বাচিত হন।
ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার বলেন, ইসলামী ব্যাংক দেশের আর্থ সামাজিক ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এ ব্যাংকের উপর গ্রাহক ও জনগণের আস্থা ও বিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধির ফলে দেশে এর অবস্থান আরো শক্তিশালী হচ্ছে। তিনি ইসলামী ব্যাংকের আন্তরিক সেবা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
আইডিবির প্রতিনিধি ড. আরিফ সুলেমান বলেন, বাংলাদেশ ইসলামি উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য এবং আইডিবি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি বলেন, এ ব্যাংক বাংলাদেশসহ বিশ্বে ইসলামি অর্থায়নের রেফারেন্স ব্যাংক হিসেবে বিবেচিত হচ্ছে। এ ব্যাংকের গ্রাহক সংখ্যা ১ কোটি। এতে প্রমাণ হয় সত্যিকার অর্থেই ইসলামী ব্যাংক জনগণের ব্যাংক। এই ব্যাংক বাংলাদেশে এসএমই খাত ও পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসআই/এসএইচএস