গ্রাহক সেবার তৃতীয় বছরে মিডল্যান্ড ব্যাংক


প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৮ জুন ২০১৫

নির্ভরতা ও গ্রাহক সেবার দু`বছর পার করল বেসরকারি খাতের মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। ৪র্থ প্রজন্মের ব্যাংক হিসেবে ২০১৩ সালের ২০ জুন আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছিলো ব্যাংকটি। আসছে ২০ জুলাই তৃতীয় বছরে পা দিবে ব্যাংকটি।

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের গ্রাহক সেবাসহ আর্থিক সূচক এবং আগামীদিনের পরিকল্পনা তুলে ধরতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন।

ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ-জামান। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবিরসহ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

আহসান-উজ-জামান বলেন, গত দুই বছর আমরা গ্রাহককে আস্থা আর নির্ভরতার মাধ্যমে সেবা দিতে চেষ্টা করেছি। আমরা চেয়েছি, গ্রাহকরা যাতে ব্যাংকিং সেবা নিতে আগ্রহী হলে মিডল্যান্ড ব্যাংকের কথা ভাবেন। এজন্য সৃষ্টিশীল সেবা পণ্য আমরা আনতে চেয়েছি।

তিনি বলেন, গত দু`বছরে আমরা ১১টি শাখা খুলেছি। এবছর আরো ৮ থেকে ৯ টি শাখা খোলার পরিকল্পনা আছে। আমাদের আমানত দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮ কোটি টাকা, ঋণ দাঁড়িয়েছে ৯০৮ কোটি টাকা। হিসাবধারীর জন্য ১৮ হাজার ৩১৮টি। কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জন।

তবে ব্যাংকের প্রবৃদ্ধির এই সূচক সন্তোষজনক কিনা জানতে চাইলে এমডি বলেন, আমরা আগ্রাসী ব্যাংকিং করতে চাই না। আমার ধীরে ধীরে প্রবৃদ্ধি করতে চাই। তাই ৪র্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে আমরা যেমন প্রথম না, আবার একেবারে পেছনেও না।

তিনি বলেন, আমরা বাংলাদেশ ব্যাংকের নীতি মেনে ব্যাংকিং করব। বাংলাদেশ ব্যাংক কয়েকটি নতুন ব্যাংককে সর্তক করেছে আগ্রাসী ব্যাংকিং করার কারণে। সেদিক থেকে আমরা সঠিক পথেই আছি।

এমডি বলেন, আমরা একজন মানুষের জন্ম থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ব্যাংকিং সেবা পান সেটি লক্ষ্য করে সেবা নিয়ে আসতে কাজ করছি। একই সঙ্গে যারা ব্যাংকিং সেবার বাইরে তাদের ব্যাংকিং সেবার মধ্যে আনাটা আমাদের বড় লক্ষ্য। আর প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা আমাদের গ্রাহকদের জন্য নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, আমরা আমানতের জন্য যেমন নতুন নতুন সেবা নিয়ে আসছি। আবার বিনিয়োগের ক্ষেত্রে। বিশেষ করে এসএমই ও কৃষি খাত আমাদের বিনিয়োগ গুরুত্বপূর্ণ। আর সেজন্য সেভাবেই সেবা নির্ধারণ করা হয়েছে।

এসএ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।