ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য সিরিজের নতুন ৩ নোট বাজারে আসছে
‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ইস্যু শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সই সম্বলিত নতুন ডিজাইনের এসব টাকার ব্যাংক নোট সোমবার (১৮ মে) থেকে ইস্যু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক এ নোটগুলোর নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। প্রথম ধাপে ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ছাড়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে ২০, ৫০ ও ১০০ টাকার নোটও নতুন সইয়ে ইস্যু করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিরিজের এসব ব্যাংক নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সই থাকবে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্য অফিসগুলো থেকেও এসব নোট ইস্যু করা হবে।
এছাড়া এরই মধ্যে প্রচলনে থাকা ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও গভর্নরের সইয়ে পর্যায়ক্রমে ছাড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সই সংবলিত নোটগুলোর রং, আকৃতি, নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতো বৈধ ও চালু থাকবে।
ইএআর/এমকেআর