রমজানের প্রথম দিনেই চড়া বরিশালের সবজি বাজার


প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৯ জুন ২০১৫

বছর ঘুরে আবারো শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের আত্ম-শুদ্ধির মাস। আর এই পবিত্র রমজানকে ঘিরে দেশের বাজারে বেড়েছে নিত্য পণ্যের দাম। শুক্রবার রমজানের প্রথম দিন স্বাভাবিকের চেয়ে দুই তিনগুন বেশী দাম ছিল বরিশালের সবজির বাজারে। জেলা প্রশাসন রমজান শুরুর কমপক্ষে ১৫দিন আগে বাজার মনিটরিং কমিটি গঠন করেও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে কার্যকরি কোন পদক্ষেপ নিতে পারেনি। এমনকি প্রথম দিন নগরীর কোথাও জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকে বাজার তদারকি করতে দেখা যায়নি।

এদিকে রমজানকে কেন্দ্র করে গত ২/৩ দিন আগে কম বেশী সব পণ্যের মূল্য বৃদ্ধি হলেও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, কৃত্রিম সংকট ঠেকাতে তিনি আড়তদারদের সঙ্গে ২/১ দিনের মধ্যে কথা বলবেন।

শুক্রবার খুচরা বাজার ঘুরে জানা গেছে, কয়েক দিন আগে বেগুনের দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। শসা ১৫ টাকায় বিক্রি হয়েছে। কাঁচামরিচের কেজি ছিল ৪০টাকা। কিন্তু বর্তমানে বেগুনের কেজি ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা ও শসা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু এ তিনটি পণ্য নয়, ইফতার উপকরণে এমন কোন কাঁচামাল নেই যার দাম বাড়েনি। আলুর কেজি ১৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৫ টাকা, পিয়াজ ৩০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মুড়ি, বুট, খেসারী ডাল, গুড় ও চিনির দাম বেড়েছে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা। মাছের বাজারে দেশীয় মাছ নেই বললেই চলে। গরুর মাংস সাড়ে ৩শ’ টাকা থেকে বৃদ্ধি পেয়ে রমজানের বাজারে ৪শ’ টাকায় পৌঁছেছে।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, প্যাকেটজাত পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশী রাখা হচ্ছে কি-না সেদিকে তারা নজরদারী রাখছেন। কাঁচামালের গায়ে (শশা, কাঁচামরিচ ইত্যাদি) দাম লেখা নেই তাই কিভাবে ক্রেতা দাম নির্ধারণ করবেন -এমন প্রশ্নের জবাবে সেলিমুজ্জামান জানান, কোন পণ্যের চাহিদা বেশী হলে দাম বৃদ্ধি পেতেই পারে। কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে দাম বাড়ানো না হয় এনিয়ে তিনি আড়তদারদের সঙ্গে কথা বলবেন।

বরিশাল জেলা প্রশাসনের জুডিজিয়াল শাখার সহকারী কমিশনার লেৎফুন নেছা খানম জানান, রমজানের প্রথম দিন তাদের কোন কর্মসূচী ছিলনা। তবে যে কোন সময় যে কোন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। অবৈধভাবে খদ্যাসামগ্রী মজুদ ও ভেজাল পন্য বিক্রির অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাইফ আমীন/টিআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।