পোষাকশিল্পের আইন-শৃঙ্খলা : বিজিএমইএ-সিএমপি’র মতবিনিময়
চট্টগ্রামে পোষাকশিল্পে আইন-শৃংখলা রক্ষায় বিজিএমইএ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সিএমপি সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডলের সভাপতিত্বে মতবিনিয় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় রমজান উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন, বোনাস ও দাবি আদায়ের নামে ভাঙচুর, সড়ক অবরোধ, মালামাল চুরি ও নাশকতার বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করেন বিজিএমইএ নেতৃবৃন্দ। এছাড়া পোশাকশিল্পের নগদ টাকা পরিবহনে পুলিশের সহায়তা কামনা করা হয়।
পুলিশ কমিশনার বলেন, পোষাকশিল্পের সব ধরণের সমস্যা সমাধানে পুলিশের আইনগত সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে পুলিশি ব্যবস্থা বৃদ্ধি, যানজট নিরসনে বড় বড় মার্কেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা জোরদার, বখাটে ছেলেদের চিহ্নিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া ছিনতাই প্রবণ এলাকায় মোটরসাইকেল অভিযান, মোবাইল কোর্টের ব্যবস্থা, রাস্তার ফুটপাত হকার মুক্ত রাখা, মলম পার্টি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ গার্মেন্টস শিল্প এলাকায় সব ধরণের পুলিশি সহযোগিতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।
এসময় তিনি গার্মেন্টস শ্রমিকদের সময়মত বেতন বোনাস প্রদান করার অনুরোধও জানান। কারণ বেতন বোনাস নিয়ে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে যেন আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন।
যে সকল এলাকায় শ্রমিকদের বেতনের তারিখে চাঁদাবাজি ছিনতাই হয় সে সকল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে বলেন- ‘কোন অবস্থাতেই চাঁদাবাজি ছিনতাই বরদাস্ত করা হবে না।’
সভায় বিজিএমইএ এর প্রাক্তন প্রথম সহ-সভাপতি এরশাদ উল্লাহ, প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি এমএ সালাম, প্রাক্তন প্রথম সহ-সভাপতি সাহাবুদ্দিন আহম্মদ মিন্টু, পরিচালক এমএ ওহাব, পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, কো-চেয়ারম্যান শ্রমিক ও অগ্নিনির্বাপক কমিটি শওকত ওসমান, কো-চেয়ারম্যান ল অ্যান্ড অর্ডার কমিটি এমএ হান্নান উপস্থিত ছিলেন।
এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) দেবদাস ভট্টাচার্য্য, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোকতার হোসেন, তোফায়েল আহমেদ মিয়া, ডাইরেক্টর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, র্যাব-৭ এর মেজর জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
এসএইচএস/আরআইপি