ঢাকা-সৈয়দপুর রুটে ভাড়া কমিয়েছে বাংলাদেশ বিমান


প্রকাশিত: ১১:০১ এএম, ০১ এপ্রিল ২০১৬

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার ঢাকা-সৈয়দপুর রুটে বিমান চালুর পর এই রুটে ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার থেকে তিন হাজার দুইশ টাকার টিকিট দুই হাজার টাকায় বিক্রি করেছে রাষ্ট্রায়ত্ত এই এয়ারলাইন্স। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা বিক্রয় অফিসের মহাব্যবস্থাপক আতিক রহমান চিশতি।

এ বিষয়ে জানতে চাইলে আতিক রহমান চিশতি জাগো নিউজকে বলেন, কারো সঙ্গে প্রতিযোগিতা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভাড়া কমায়নি। ঢাকা-সৈয়দপুর রুটে যাত্রীর পরিমাণ দিনদিন বাড়ছে। যাত্রী সংখ্যা বৃদ্ধির ফলে বিমানের এই রুটে আয়ও বেড়েছে। যে কারণে যাত্রীদের বাড়তি সুবিধা দেয়ার উদ্দেশ্যে বিমান ভাড়া কমিয়েছে।

১৭ মার্চ থেকে ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট চালু করেছে নভোএয়ার। ভাড়া নির্ধারণ করেছে ৩ হাজার ২০০ টাকা। আবার একটি কিনলে আরেকটি টিকিট ফ্রি দিচ্ছে তারা। তাই অনেকে মনে করছেন, বাংলাদেশ বিমান প্রতিযোগিতায় টিকে থাকতে এই রুটে ভাড়া কমিয়েছে।

এ বিষয়ে নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার একেএম মাহফুজুল আলম জাগো নিউজকে বলেন, সর্বোচ্চ যাত্রীসেবা ও নিরাপদ আকাশ ভ্রমণই নভোএয়ারের উদ্দেশ্য। যে কারণে নভোএয়ার অন্য কোনো এয়ারলাইন্সকে প্রতিদ্ধন্দ্বী মনে করে না। শুরু থেকেই নভোএয়ার চলছে সর্বোচ্চ যাত্রীসেবার লক্ষ্যকে সামনে নিয়ে।

আরএম/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।