কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষাখাতে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা কারিকুলাম। একের পর এক কারিকুলাম পরিবর্তনে শিক্ষার্থীরা দিশেহারা। প্রশিক্ষণ সংকটে শিক্ষকরাও বিপাকে। তবে আগামীতে কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ করা হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আরও পড়ুন
শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী 
নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী 

সাংবাদিকরা নতুন শিক্ষামন্ত্রীকে কারিকুলাম প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, ‌‘আমরা কারিকুলাম চেঞ্জ (পরিবর্তন) নয়, রিভিউ করবো। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা করা হবে, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।’

এহছানুল হক মিলন বলেন, ‘ব্যাকডেটেড (পিছিয়ে পড়া) শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।’

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।