পুরোনো স্টাইলে হেলিকপ্টারে এসএসসির পরীক্ষাকেন্দ্র ঘুরবেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১৪ মার্চ ২০২৬
মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। ছবি: সংগৃহীত

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল ও অনিয়ম ঠেকাতে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী পুরোনো স্টাইলে হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় পরীক্ষার কেন্দ্রে যাবেন। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রগুলোতে কঠোর অভিযান চালানো হবে।

শনিবার (১৪ মার্চ) রাতে রাজধানীর মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ মতবিনিময়ের আয়োজন করে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।

শিক্ষামন্ত্রী বলেন, আমাকে নকল ঠেকাতেই হবে। এর বিকল্প নেই। আমাকে আগের স্টাইলে হেলিকপ্টারে যেতে হবে। কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাবো। কর্মকর্তা-মিডিয়া নিয়ে ঝাঁক বেঁধেই জেলায় জেলায় ছুটতে হবে।

এহছানুল হক মিলন বলেন, আমি প্রতিমন্ত্রী থাকাকালে নকল বন্ধ করেছিলাম। চাই না সেই নকল ফিরে আসুক। এসএসসি পরীক্ষা সুষ্ঠু-সুন্দর ও নকলমুক্তভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি নকল হয়। এ দিকটাতে বেশি নজর দেবো। নকলের সিন্ডিকেট ভেঙে দিতে কেন্দ্রগুলোতে কক্ষ পরিদর্শক ঠিক করার ক্ষেত্রে এবং কেন্দ্র নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করবো।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন আ ন ম এহছানুল হক মিলন। সেসময় হেলিকপ্টার নিয়ে পরীক্ষাকেন্দ্রে গিয়ে নকল ধরে তুমুল আলোচনায় আসেন তিনি।

এসময় এসএসসি ও সমমান পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মতবিনিময় সভায় ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলায়মান সালমানসহ সংঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।