১ লাখ স্কুল ড্রেস-জুতা-ব্যাগ দেবে বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
ছবি-জাগো নিউজ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও জুতা বিতরণ শুরু হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এরই মধ্যে এক লাখ স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তারা নিজেদের সক্ষমতা অনুযায়ী অনুদান দেবে। এরই মধ্যে বিজিএমইএ থেকে এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

এএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।