শিক্ষক নিয়োগে স্থায়ী কমিটির সুপারিশ


প্রকাশিত: ১১:২৫ এএম, ২১ এপ্রিল ২০১৫

প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষক সংকট নিরসণ ও শিক্ষার মানোন্নয়নে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার দশম জাতীয় সংসদে ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকে কমিটি এ সুপারিশ করে।

জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটি সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুর রহমান, মো. আবুল কালাম, আলী আজম, উম্মে রাজিয়া কাজল অংশ নেন।

বৈঠকে রস্ক প্রকল্পের ২য় পর্যায় নিয়ে আলোচনায় মোট ২১ হাজার ৭০০টি আনন্দস্কুল স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যাতে মোট ৭ লাখ ২০ হাজার শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাবেন। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১৪৪টি উপজেলায় ১৫ হাজার ২৭টি চলমান আনন্দস্কুলে মোট ৩ লাখ ৯৮ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী রয়েছে।

বৈঠকে রস্ক প্রকল্পের আওতায় যে সব স্কুল যথাযথ নীতিমালা অনুসরণ করে স্থাপন করা হয়নি, সেগুলোর তালিকা প্রণয়ন করতে পরামর্শ প্রদান করা হয়। এছাড়া কমিটি বিদ্যমান অন্যান্য আনন্দ স্কুলগুলোর ব্যবস্থাপনায় কোনো ধরণের অনিয়ম থাকলে তা তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।