বিদেশের কেন্দ্রগুলোতে কমেছে পাসের হার
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে কমেছে পাসের হার। এবার বিদেশের আটটি কেন্দ্রে পাসের হার ৯৭ দশমিক ৬৬ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। গত বছর এসএসসিতে বিদেশের সাতটি কেন্দ্র থেকে ৯৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল ৮২ জন।
শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তরের সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, বিদেশের আটটি কেন্দ্রে অংশ নেওয়া ২৯৯ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯২ জন, পাসের হার ৯৭ দশমিক ৬৬ শতাংশ।
গত বছর বিদেশের কেন্দ্রগুলোতে অংশ নেওয়া ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করেছিল। সেই হিসেবে এবার বিদেশের কেন্দ্রে পাসের হার কমেছে শূন্য দশমিক ৬৩ শতাংশ পয়েন্ট।
উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ১০ বোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী।
শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানর ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএ/এমএস