অবসর নয়, নেতৃত্ব ছাড়লেন আফ্রিদি


প্রকাশিত: ১১:১৭ এএম, ০৩ এপ্রিল ২০১৬

তাকে নিয়ে কম জল ঘোলা হয়নি। বিশ্বকাপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর বলেছিলেন দেশে এসে নিজের অবসরের ব্যপারে সিদ্ধান্ত জানাবেন। তিনি পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। অবশেষে নিজের সিদ্ধান্ত জানালেন তিনি। তবে অবসর নয়, অধিনায়কত্বই ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন তিনি। অথ্যাৎ টি-টোয়েন্টি ক্রিকেটকে এখনই গুডবাই জানানোর ইচ্ছে নেই আফ্রিদির।

আরো কয়েকবছর ক্রিকেট খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের এই ড্যাশিং অলরাউন্ডার। পিসিবিকে দেয়া এক বার্তায় এমনটাই জানালেন আফ্রিদি। তিনি বলেন, ‘পাকিস্তানের ক্রিকেট এবং সমর্থকদের প্রতি ভালোবাসার কারণেই আমি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। সকলকে আরো বলতে চাই, ইনশাল্লাহ আমি আমার খেলা চালিয়ে যাবো দেশের হয়ে এবং বিভিন্ন লিগে ও ভক্তদের কাছে অনুরোধ করবো আমাকে যেন সবসময় সমর্থন দিয়ে যায়।’

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে মোহাম্মদ হাফিজের বদলে আফ্রিদির হাতে তুলে দেয়া হয় পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কত্বের ভার। আফ্রিদি বলেন, ‘আমার জন্য দারুণ কিছু সময় ছিল দেশকে নেতৃত্ব দেয়ার। তিন ফরমেটেই দেশকে নেতৃত্ব দিয়েছি। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।