৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির ৪ জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৫ মার্চ ২০২৬
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন/ফাইল ছবি

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (১৫ মার্চ) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা হলে সব ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, মোবাইল ফোন, সব প্রকার ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।

এতে বলা হয়, পরীক্ষা হলের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব পরীক্ষার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। এসএমএস বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।

jagonews24.comবাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)/ফাইল ছবি

এতে আরও বলা হয়েছে, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর নিকট বর্ণিত নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কর্ম কমিশন কর্তৃক নেওয়া সব নিয়োগ পরীক্ষার জন্য ওই পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ এর ধারা ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী কোনো অপরাধ সংঘটন করলে বা সংঘটনে সহায়তা করলে, তিনি যে ধারার অধীন অপরাধ সংঘটন করবেন বা সংঘটনে সহায়তা করবেন, সে ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডিত হবেন।

পিএসসির তথ্যমতে, আগামী ৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল, যা চলবে ৭ মে পর্যন্ত।

এএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।