কাজী লাবণ্য সম্পাদিত ‘সিঙ্গেল মাদার’ বইয়ের পাঠ উন্মোচন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১২ মে ২০২৬
‘সিঙ্গেল মাদার’ বইয়ের পাঠ উন্মোচন করেন অতিথিরা, ছবি: সংগৃহীত

কাজী লাবণ্য সম্পাদিত ‘সিঙ্গেল মাদার’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ১০ মে বিকেল ৫টায় ঢাকায় অনুপ্রাণন প্রধান কার্যালয়ে গল্পে গল্পে জমে ওঠে এ আসর। অনুপ্রাণনের প্রকাশক আবু এম ইউসুফ অনুষ্ঠানের সূচনা করেন। প্রকাশক হিসেবে বইটি প্রকাশের কারণ ও প্রেক্ষাপট বর্ণনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক ও কথাসাহিত্যিক কাজী লাবণ্য।

বইটি সম্পর্কে কবি ও কথাসাহিত্যিক তাহমিনা কোরাইশী বলেন, ‘সন্তানের বাবারা সেভাবে দায়িত্ব পালন করে না। মায়ের চাপই বেশি থাকে। সন্তানকে ঘিরেই মায়ের ভুবন, জীবন। বর্তমানে ঘরে ঘরেই সিঙ্গেল মাদার আছে। আমার পরিচিত একজনের গল্প নিয়ে সংকলনে স্থান পাওয়া গ্রাস গল্পটা লিখেছি।’

কথাসাহিত্যিক নাসিমা আনিস বিষয়ভিত্তিক গল্প লেখার যাতনার বিষয়গুলো তুলে ধরেন। একইসঙ্গে তিনি লেখকের বিকাশের জন্য একজন প্রকাশকের দায়িত্ব ও ভূমিকার কথাও উল্লেখ করেন নিজ অভিজ্ঞতার আলোকে। কথাসাহিত্যিক ঝর্না রহমান বলেন, ‘অগ্নিতা নামে আমার একটা বই আছে। নামগল্পটাই দিয়েছি কাজী লাবণ্যকে।’

কবি ও কথাসাহিত্যিক রুখসানা কাজল বলেন, ‘সংকলনে যে গল্পটা লিখেছি, সেটা অতীতে শোনা অভিজ্ঞতার আলোকে। গল্পটাকে বর্তমান সময়ের উপযোগী করে তুলেছি।’ গল্পকার ইসরাত জাহান বলেন, ‘আমার গল্পের নাম হার্ডকাভার ও পেপারব্যাক। এখানে দুজন মায়ের গল্প বলার চেষ্টা করেছি।’

লেখক পারভীন সুলতানা বলেন, ‘সংকলনের গল্পগুলোয় দরদ ও দ্রোহ উঠে এসেছে। আমার গল্পের নাম প্ররোচিত কৃষ্ণচূড়া ও একটি খুন। অনেক মা, সন্তানের বাবা থাকাসত্ত্বেও সিঙ্গেল। এটা সামাজিক সমস্যা।’ কথাসাহিত্যিক মিলা মাহফুজা বলেন, ‘যে কোনো লেখকেরই একটা লেখা প্রকাশ হলে মা হওয়ার মতোই আনন্দ আসে। আমি একটা কিছু নির্মাণ করেছি, যে কেউ পড়বে, দেখবে এটা আমার জন্য আনন্দের।’

লেখক তাহমিনা শিল্পী বলেন, ‘লেখার সময় চারপাশের অসঙ্গতি তুলে ধরার দায় লেখকের আছে। আমি নারী। নারীর প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা প্রেম আছে। সুযোগ থাকলে আমি বারবার নারী হয়েই জন্মাতাম।’ কথাসাহিত্যিক স্বাতী চৌধুরী নিজের বিভিন্ন গল্পবইয়ের গল্পে সিঙ্গেল মাদারের উপস্থিতি বর্ণনা করেন। অনুপ্রাণন প্রকাশনের সহকারী সম্পাদক কবি সদ্য সমুজ্জ্বল পাণ্ডুলিপি ও মুদ্রণ ব্যবস্থাপনা দেখভালের অভিজ্ঞতা বর্ণনা করেন।

নিও হ্যাপি চাকমা বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে আমি জয়িতা গল্পটা লিখেছি।’ অনুপ্রাণন ত্রৈমাসিক সহকারী সম্পাদক শফিক হাসান বলেন, ‘সিঙ্গেল মাকে নিয়ে প্রকাশ করা বইটা নিশ্চয়ই দারুণ ঘটনা। যতটুকু জানি, এ বিষয়ে প্রকাশিত প্রথম বই এটাই।’

সিঙ্গেল মাদার বইয়ের বিভিন্ন আলোচনা ও বাস্তব সমস্যাবলির আলোকে অনুষ্ঠানের শেষাংশে লেখক মিলা মাহফুজা ‘সিঙ্গেল ফাদার’ নামে একটি বই সম্পাদনার ঘোষণা দেন। আগ্রহীদের গল্প পাঠানোর জন্য অনুরোধ জানান তিনি। ‘সিঙ্গেল মাদার’ সংকলনে ৩৬টি গল্প স্থান পেয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্থ সারথি, সৈয়দ আহসান কবীর, রাহমান ওয়াহিদ, বর্ষা রায় চৌধুরী, শাহীন আলম শেখ প্রমুখ।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।