গানেই গড়েছেন সাম্রাজ্য, কত সম্পদের মালিক শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১০ মার্চ ২০২৬
শ্রেয়া ঘোষাল। ছবি: সংগৃহীত

ভারতীয় সংগীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। সুমধুর কণ্ঠ ও মিষ্টি ব্যক্তিত্বের কারণে বিশ্বজুড়ে তার ভক্তের সংখ্যা অসংখ্য। মাত্র ১৪ বছর বয়স থেকেই সংগীত জগতে পথচলা শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ভাষায় হাজারো গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন এই গায়িকা।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শ্রেয়া ঘোষালের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি। মূলত সংগীত ক্যারিয়ার থেকেই এই বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত লাইভ কনসার্ট করেন শ্রেয়া, যেখানে টিকিটের দামও থাকে বেশ চড়া। এছাড়া একটি গান রেকর্ডিংয়ের জন্য তিনি ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। ফলে বর্তমানে তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী কণ্ঠশিল্পীদের একজন।

শুধু সংগীত নয়, সম্পত্তির দিক থেকেও বেশ সমৃদ্ধ এই শিল্পী। কলকাতার একটি অভিজাত এলাকায় রয়েছে তার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। পাশাপাশি মুম্বাইয়েও রয়েছে তার আরেকটি দৃষ্টিনন্দন বাড়ি।

গাড়ির সংগ্রহেও কম যান না শ্রেয়া। তার গ্যারেজে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। এর মধ্যে রয়েছে ‘বিএমডব্লিউ ফাইভ সিরিজ’, ‘রেঞ্জ রোভার স্পোর্ট’ এবং ‘মার্সিডিজ-বেন্‌জ এস-ক্লাস’র মতো দামি গাড়ি।

শ্রেয়া ঘোষালের সংগীতজীবনের শুরু হয়েছিল জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারে গা মা পা’র মাধ্যমে। সেই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরই নজরে পড়েন পরিচালক সঞ্জয় লীলা বানশালির। এরপর তার সিনেমা ‘দেবদাস’-এ ‘বৈরি পিয়া’ ও ‘সিলসিলা ইয়ে চাহাত কা’ গেয়ে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান শ্রেয়া।

আরও পড়ুন:
মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সুনিধি, কারণ কী? 
অগ্রিম বুকিংয়েই ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’, মুক্তির আগেই কোটি কোটি আয় 

তবে সংগীতের সঙ্গে তার সম্পর্ক আরও অনেক পুরোনো। মাত্র চার বছর বয়স থেকেই গানের তালিম নেওয়া শুরু করেন তিনি। প্রথম সংগীত শিক্ষক ছিলেন তার মা। ছয় বছর বয়সে শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করেন এবং ১৬ বছর বয়সে অংশ নেন টেলিভিশনের সংগীত প্রতিযোগিতায়।

গানেই গড়েছেন সাম্রাজ্য, কত সম্পদের মালিক শ্রেয়া ঘোষালশ্রেয়া ঘোষাল। ছবি: সংগৃহীত

ব্যক্তিজীবনে দীর্ঘদিনের প্রেমিক ও ছেলেবেলার বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেন শ্রেয়া। প্রায় ১০ বছর প্রেমের পর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বাঙালি রীতিতে বিয়ে করেন তারা। ২০২১ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় এক পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে দেবায়ন।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।