সুমাইয়া শিমু কি দেশ ছেড়েছেন
সামাজিক যোগাযোগমাধ্যমে কদিন ধরে গুঞ্জন ছড়িয়েছে, অভিনেত্রী সুমাইয়া শিমু দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। এ নিয়ে অনুরাগীদের মাঝে তৈরি হয় কৌতূহল। অবশেষে এক ভিডিওবার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
ভিডিওটির ক্যাপশনে শিমু লিখেছেন, ‘সুমাইয়া শিমু কি দেশে থাকেন, নাকি দেশের বাইরে থাকেন?’ প্রশ্নের জবাব দিতেই মূলত তিনি ভিডিওটি প্রকাশ করেন। সেখানে সরাসরি তিনি বলেন, তিনি কখনই স্থায়ীভাবে দেশের বাইরে যাননি।
শিমুর ভাষ্য, বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পেরেছেন, অনেকে মনে করছেন তিনি বাংলাদেশে থাকেন না। বিষয়টি একেবারেই সঠিক নয়। তিনি বলেন, ‘আমি বাংলাদেশেই থাকি। কখনই দেশের বাইরে ছিলাম না। এখনো দেশে আছি, আগেও ছিলাম, ভবিষ্যতেও দেশেই থাকব।’
বিদেশে যাওয়ার প্রসঙ্গে শিমু আরও বলেন, মাঝেমধ্যে ভ্রমণে দেশের বাইরে যান তিনি, যেমনটা সাধারণ মানুষ যায়। 'আপনারা যেমন পাঁচ-দশ বা পনেরো দিনের জন্য ঘুরতে যান, আমিও তেমনই যাই। ভ্রমণ শেষে আবার দেশে ফিরে আসি। এই ভ্রমণকে স্থায়ীভাবে বিদেশে থাকা ধরে নেওয়া ঠিক নয়।’
সুমাইয়া শিমু ছোট পর্দার পরিচিত মুখ। ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক। তবে ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’ তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা। একুশে টিভির ‘ললিতা’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকমহলে বিশেষভাবে প্রশংসিত হন।
‘স্বপ্নচূড়া’ নাটকে অভিনয়ের জন্য দর্শক জরিপে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন শিমু। ক্যারিয়ারে এ পুরস্কারের জন্য সাতবার মনোনয়নও পেয়েছেন তিনি।
এমআই/এলআইএ