ব্যাড বানির পরিবেশনা যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক : ডোনাল্ড ট্রাম্প

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ডোনাল্ড ট্রাম্প ও ব্যাড বানি

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লীগের চূড়ান্ত খেলাকে বলা হয় সুপার বোল। সেই খেলার বিরতি শো চলাকালে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানালেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় লাতিন গায়ক ব্যাড বানির পরিবেশনা নিয়ে তিনি কড়া মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, ব্যাড বানির পরিবেশনা যুক্তরাষ্ট্রের জন্য ‘অপমানজনক’।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, এই বিরতি শো তার দেখা সবচেয়ে বাজে আয়োজনগুলোর একটি। তার ভাষায়, এতে যুক্তরাষ্ট্রের সাফল্য, সৃজনশীলতা কিংবা উৎকর্ষতার কোনো প্রতিফলন নেই। তিনি দাবি করেন, ব্যাড বানি কী গাইছেন তা কেউ বুঝতে পারে না। তার নাচের ভঙ্গি শিশুদের জন্যও অশোভন।

ট্রাম্প আরও বলেন, এই আয়োজন যুক্তরাষ্ট্রের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি দেশের জন্য এক ধরনের ‘চপেটাঘাত’। তার মতে, যুক্তরাষ্ট্র প্রতিদিনই নতুন সাফল্য ও রেকর্ড গড়ছে। শেয়ারবাজার ও অবসর সঞ্চয় খাতেও অভূতপূর্ব অগ্রগতি হচ্ছে। সেই বাস্তবতার সঙ্গে এই বিরতি শোয়ের কোনো মিল নেই।

আরও পড়ুন
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে চমক নিয়ে ফিরছেন জনি ডেপ
জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, ঘটনা কী

এতেই থামেননি ট্রাম্প। তিনি অভিযোগ করেন, তথাকথিত মূলধারার গণমাধ্যম এই পরিবেশনাকে প্রশংসায় ভাসাবে, কারণ তারা বাস্তব জগতের সঙ্গে সংযোগ হারিয়েছে। একইসঙ্গে তিনি জাতীয় ফুটবল লিগের নতুন কিকঅফ নিয়ম বাতিলের দাবিও তোলেন।

তবে খেলা শুরুর আগে তুলনামূলক ইতিবাচক সুরে ট্রাম্প লিখেছিলেন, ‘যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও শক্তিশালী ও উন্নত, আর সামনে আরও ভালো সময় অপেক্ষা করছে।’

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ব্যাড বানিকে আসন্ন সুপার বোলের বিরতি শোয়ের শিল্পী হিসেবে ঘোষণার পর থেকেই রক্ষণশীল মহলে বিতর্ক শুরু হয়। ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক কোরি লেওয়ানডোস্কি তখন প্রকাশ্যে এর বিরোধিতা করেন এবং কড়া মন্তব্য করেন।

এদিকে ব্যাড বানির এই পরিবেশনা বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ চলতি বছরে যুক্তরাষ্ট্রে এটিই তার একমাত্র কনসার্ট উপস্থিতি। আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে অন্য কোনো অনুষ্ঠান রাখেননি। এক সাক্ষাৎকারে ব্যাড বানি জানিয়েছেন, অভিবাসন অভিযানের ভয়ও যুক্তরাষ্ট্রে সফর এড়িয়ে যাওয়ার একটি কারণ।

এর আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ব্যাড বানিকে চেনেন না এবং এমন একজন শিল্পীকে কেন বিরতি শোয়ের জন্য বেছে নেওয়া হয়েছে তা অস্পষ্ট। এটি তার কাছে ‘অত্যন্ত হাস্যকর’ মনে হয়েছে।

অন্যদিকে ব্যাড বানি বলেছেন, সুপার বোলের মঞ্চে পারফর্ম করা যুক্তরাষ্ট্রে বসবাসরত লাতিন জনগোষ্ঠীর জন্য এক ঐতিহাসিক অর্জন। তার মতে, এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং একটি সম্প্রদায়ের সম্মিলিত জয়।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।