আসছে প্রতীক ইয়াসিরের ভালোবাসার গান ‘মেট্রো’
ভালোবাসা দিবস মানেই নতুন গান, নতুন গল্প, নতুন অনুভূতির স্পর্শ। সেই আবহেই ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পেতে যাচ্ছে প্রতীক ইয়াসিরের কণ্ঠে নতুন গান ‘মেট্রো’। ব্যস্ত নগরজীবনের ভিড়ে হঠাৎ দেখা হওয়া এক অচেনা মেয়েকে ঘিরে গড়ে ওঠা এক নীরব, আবেগময় প্রেমকথাই এই গানের মূল উপজীব্য। শহুরে জীবনের দ্রুতগামী ছন্দের মাঝেও যে হৃদয় থেমে যেতে পারে এক জোড়া মায়াবী চোখে ‘মেট্রো’ যেন সেই গল্পই শোনায়।
গানটির কথা লিখেছেন নাবিল শুভ্র ও প্রতীক ইয়াসির। সুর করেছেন সেতু চৌধুরী এবং সংগীত পরিচালনায় আছেন আমজাদ হোসাইন। প্রেম, স্মৃতি আর হারিয়ে ফেলার বেদনায় গড়া এই গানটি প্রকাশিত হবে প্রতীক ইয়াসিরের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গানের শুরুতেই উঠে আসে এক চেনা দৃশ্য মেট্রোরেলে যাতায়াত। ব্যস্ত নগরজীবনে প্রতিদিন হাজারো মানুষের ভিড়, তবুও সেই ভিড়ের মাঝেই কখনও কখনও চোখ আটকে যায় কারও ওপর। গানের কথায় আছে, ‘মেট্রো রেলে মেয়েটি মায়াবী চাহনি দিয়ে ঘুম ভাঙা কবিতায় পাগল হারা করলে আমায়…’
একটি চাহনি, একটি বাঁকা হাসি আর তাতেই বদলে যায় এক মানুষের ভেতরের জগত। খুব সামান্য সময়ের দেখা, কিন্তু সেই ক্ষণিক ভালো লাগাই হয়ে ওঠে গভীর অনুভূতির শুরু। শহুরে ব্যস্ততার মাঝেও হৃদয়ের যে নিজস্ব এক জগৎ আছে, গানটি সেই জগতের দরজা খুলে দেয়।
‘মেট্রো’ শুধু ভালো লাগার গল্প নয়; এটি হারিয়ে যাওয়ার কষ্টও বহন করে। গানের কথায় বারবার ফিরে আসে স্মৃতি দিন, রাত, সন্ধ্যার বেলা। ‘ক্ষণিকের এ ভালো লাগায় আমি আছি, তুমি যে নাই…’। এই লাইন যেন আধুনিক সময়ের এক নিঃসঙ্গতার প্রতিচ্ছবি। হয়তো দেখা হয়েছিল কয়েকটি স্টেশনের দূরত্বে, হয়তো কথা হয়নি তেমন, তবু মনের ভেতর তৈরি হয়েছে এক অদ্ভুত টান। মেয়েটি হয়তো ভুলে গেছে, কিন্তু গানের নায়ক ভুলতে পারেনি।
‘তুমি ভুলে যেতে পারো, আমি ভুলিনি আজও…’।- এই স্বীকারোক্তি শুধু এক ব্যক্তির নয়, বরং অনেক অপ্রকাশিত ভালোবাসার গল্প।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এমন দিনে ‘মেট্রো’র মতো একটি গান প্রকাশ পাওয়াটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ এই গান চটকদার প্রেমের গল্প বলে না; বরং বলে নীরব ভালো লাগা, অপ্রকাশিত অনুভূতি আর স্মৃতির ভেতর বেঁচে থাকা ভালোবাসার কথা।
প্রতীক ইয়াসিরের কণ্ঠে গানটি কতটা আবেগময় হয়ে উঠবে, তা নিয়ে শ্রোতাদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। গানের কথা ও সুরের আবেগ যদি সঠিকভাবে প্রকাশ পায়, তবে এটি হতে পারে তরুণ প্রজন্মের হৃদয়ের খুব কাছের একটি গান।
জেএস/