চট্টগ্রামে ভোটকেন্দ্রের সামনে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত
চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানার এক ভোটকেন্দ্রের সামনে ভাতিজার ছুরিকাঘাতে মো. নুরুল আফসার (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-৪ আসনের হাজী দাউদ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
আহত নুরুল আফসার আকবর শাহ এলাকার বশির মোহাম্মদ বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।
আরও পড়ুন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেবো: তারেক রহমান
আজ আপনাদের বিজয়ের দিন: জামায়াত আমির
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া রবিউল হোসেন বলেন, নুরুল আফসার ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। এসময় ভোটকেন্দ্রের সামনে ভাতিজা ইমন ও তার ভাইয়ের সঙ্গে নুরুল আফসারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল আফসারকে ছুরিকাঘাত করা হয়। এরপর স্থানীয়রা নুরুল আফসারকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, এ ঘটনা ভোটকেন্দ্রের এরিয়ার মধ্যে পড়েনি। বিষয়টি চাচা-ভাজিতার মধ্যে তর্ক-বিতর্কের। এক পর্যায়ে চাচাকে ছুরিকাঘাতে করা হয়। ভোটকেন্দ্রের অনেক দূরে এ ঘটনা ঘটেছে। এটা ভোট সংশ্লিষ্ট কোনো ঘটনা নয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমডিআইএইচ/কেএসআর