তানিয়া বৃষ্টির কি সত্যিই ব্রেন টিউমার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে অভিনেত্রী তানিয়া বৃষ্টির ছবি, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। শোনা যাচ্ছে ব্রেন টিউমারে আক্রান্ত বৃষ্টি। এসব ছবি কি শুটিংয়ের? নাকি সত্যিই ব্রেন টিউমারে আক্রান্ত তিনি?

খোঁজ নিয়ে জানা গেছে, কদিন হলো হাসপাতালে ভর্তি হয়েছেন বৃষ্টি। তিনি সত্যিই ব্রেন টিউমারে আক্রান্ত। আজ (১৫ ফেব্রুয়ারি) রোববার বিকেল ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হয়েছে।

তানিয়া বৃষ্টির শারীরিক অবস্থা নিয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জাগো নিউজকে বলেন, ‘গতকাল আমি অন্য একটি বিষয়ে ফোন করলে তানিয়া বৃষ্টির ফোনটি তার এক বন্ধু রিসিভ করেন। তখন জানতে পারি তিনি হাসপাতালে ভর্তি। আজ সকালে নির্মাতা সকাল আহমেদের কাছ থেকে নিশ্চিত হই যে বিকেলে তার ব্রেন টিউমারের অপারেশন হবে।’

অপু আরও বলেন, ‘অস্ত্রোপচার শেষ হয়েছে। আমাদের সংঘের পক্ষ থেকে সেখানে প্রতিনিধি পাঠানো হয়েছে। কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে অভিনয়শিল্পী সংঘ সবসময় তার পাশে থাকবে।’

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিতই অবমুক্ত হচ্ছে তার অভিনীত নতুন নাটক, যা অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করছে। সম্প্রতি স্বল্প ব্যবধানে মুক্তি পাওয়া একাধিক নাটকের কারণে তিনি আলোচনায় ছিলেন।

২০১৫ সালে আকরাম খানের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত আরেকটি সিনেমা ‘গোয়েন্দাগিরি’। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে।

এমআই/আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।