ভোট ডিলিট কর, না হলে প্রবলেম হবে: চমক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
রুকাইয়া জাহান চমক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও তাদের জোট নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই নির্বাচনে শোবিজ অঙ্গনের অনেক তারকাকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে।

এদের মধ্যে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নিজের ভোট প্রদানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দেওয়ার পর নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি।

ছবিতে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া রয়েছে। পাশাপাশি গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার ছবিও পোস্ট করেন চমক। তবে কিছুক্ষণ পরই তিনি সেই পোস্টটি মুছে ফেলেন।

এরপর একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে চমক লেখেন, ‘ভোট ডিলিট কর, না হলে প্রবলেম হবে।’

ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখযোগ্য বিজয়ীদের নিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেন অভিনেত্রী। সেই ফটোকার্ড শেয়ার করতেই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি।

শুক্রবার রাতে প্রকাশিত ফটোকার্ডে বিএনপি ও তাদের জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি স্থান পান তরুণ প্রজন্মের আলোচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও নুরুল হক নূর। এছাড়াও ফটোকার্ডে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্দালিব রহমান পার্থ, লুৎফুজ্জামান বাবর, মো. আসাদুজ্জামান ও মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান।

ফটোকার্ডের ক্যাপশনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে চমক লেখেন,
‘অভিনন্দন নব্য নির্বাচিত সংসদ সদস্যদের। জাতি যে স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছে, আশা করি ও বিশ্বাস করতে চাই আপনারা তাদের নিরাশ করবেন না। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, গণতন্ত্র দীর্ঘজীবী হোক।’

চমকের এই পোস্টে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। মন্তব্যের ঘরে কেউ সমালোচনা করে লিখেছেন, ‘চাটা শুরু করে দিয়েছেন এত তাড়াতাড়ি।’ আরেকজন লিখেছেন, ‘এখনই চাটুকারিতা শুরু করলেন।’ আবার কেউ কেউ অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে লিখেছেন, ‘অভিনন্দন সবাইকে, দেশ ও জাতি অপেক্ষমাণ।’

এমআই/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।