রোজা নিয়ে মজার গল্প শুনিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী শর্মিলী আহমেদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
শর্মিলী আহমেদ

বাংলা নাটক-চলচ্চিত্রের প্রিয় মুখ, শোবিজ অঙ্গনে ‘তারকাদের মা’ খ্যাত নন্দিত অভিনেত্রী শর্মিলী আহমেদ আজ জীবনের ওপারে। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে প্রাণ সঞ্চার করা এই গুণী শিল্পী ২০১৭ সালে দেয়া এক সাক্ষাৎকারে শোনান তার শৈশবের রোজা রাখার মজার স্মৃতি।

রমজান মাস নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছিলেন, আট কিংবা নয় বছর বয়সে প্রথম রোজা রাখেন। একদিন দুপুরে ছোট খালার সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নেমেছিলেন। সাঁতার কাটতে কাটতে গভীরে চলে গিয়ে অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলেন।

হাসতে হাসতে তিনি বলেছিলেন, ‘গোসল করতে গিয়ে পানি খেয়ে ফেলতাম। মনে মনে ভাবতাম, হয়তো আল্লাহ দেখবেন না! কিন্তু তা কি আর হয়? আল্লাহ তো সব জায়গায় আছেন, সবই দেখেন।’

সেই স্মৃতির কথা মনে হলে নিজেকেই বোকা মনে হতো বলে জানান তিনি। পরবর্তী সময়ে নিয়মিত রোজা রাখার চেষ্টা করতেন বলেও উল্লেখ করেন।

ধর্ম নিয়ে শর্মিলী আহমেদ ছিলেন বেশ সিরিয়াস। তিনি বলেছিলেন, ‘ধর্ম-কর্ম মেনে চলা প্রত্যেক মানুষেরই উচিত। কারণ আমাদের ওপর একজন আছেন যিনি সবকিছু দেখছেন।’

দীর্ঘ ক্যারিয়ারে নাটক ও চলচ্চিত্র দুই অঙ্গনেই সফল ছিলেন শর্মিলী আহমেদ। ঈদ উপলক্ষে নির্মিত নাটক ও বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে নিয়মিত দেখা যেত তাকে। আজ তিনি নেই, কিন্তু রোজা রাখা নিয়ে শৈশবের সেই সরল, মজার গল্পটি ভক্তদের মনে এখনও হাসি আর আবেগ জাগায়।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।