জেল থেকে বেরিয়ে অভিনেতা বললেন, ‘ধূমপানের জায়গা থাকা উচিত’
চেক বাউন্স মামলায় ১১ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। কারামুক্তির পর ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বন্দিজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এ সময় কারাগারে ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান রাখার দাবিও জানান এই অভিনেতা।
রাজপালের ভাষ্য, রেলওয়ে স্টেশন বা বিমানবন্দরের মতো কারাগারেও ধূমপানের জন্য আলাদা জায়গা থাকা উচিত। তার মতে, কারাগার কেবল শাস্তির স্থান নয়, বরং এটি সংশোধনাগার। সেখানে বন্দিদের মানসিক পরিবর্তনের সুযোগ থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, বাইরে থেকে দেখে বোঝা কঠিন কে গুরুতর অপরাধী আর কে সামান্য ভুলের কারণে জেলে আছে।
অভিনেতার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই তার দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেন, সংশোধনাগার ব্যক্তিগত সুবিধা দেওয়ার জায়গা নয়।
আবার অনেকে বলেন, বন্দিদের মানবিক অধিকার নিয়ে এর আগে খুব কম মানুষই সরব হয়েছেন।
জানা গেছে, তিহার জেলে থাকার সময় রাজপাল কোনো বিশেষ সুবিধা পাননি। অন্যান্য বন্দিদের মতোই তার খাবার ও থাকার ব্যবস্থা ছিল। সকাল ৬টায় চা ও রুটি, আর সন্ধ্যা ৬টায় রাতের খাবার। নির্দিষ্ট সময়সূচি মেনেই চলতে হয়েছে তাকে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যে কক্ষে রাজপালকে রাখা হয়েছিল, সেখানে আগে কুখ্যাত অপরাধী ছোটা রাজন ও নীরজ বাওয়ানাকেও রাখা হয়েছিল।
কারামুক্তির পর বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজপাল। পাশাপাশি বড় ভাইয়ের মেয়ের বিয়ের প্রস্তুতিতেও ব্যস্ত রয়েছেন তিনি।
এলআইএ