নয় বছর পর একসঙ্গে গাইলেন নওমি-ইমরান মাহমুদুল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
নওমি-ইমরান মাহমুদুল। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল সম্প্রতি আবারও নতুন গানে কণ্ঠ দিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইমরানের পেশাগত যাত্রা শুরু হয় চ্যানেল আই আয়োজিত সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে। আর নওমি তার গানের ভুবনে যাত্রা শুরু করেছিলেন ‘ক্ষুদে গান রাজ’গানের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে।

আজ থেকে প্রায় নয় বছর আগে জাহিদ আকবরের লেখা ও ইমরানের সুরে ‘আনমনা’ শিরোনামের একটি গান গেয়েছিলেন ইমরান ও নওমি। গানটির মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছিলেন প্রয়াত নির্মাতা সাখাওয়াত মানিক, কনসেপ্টের কাজ পরিচালনা করেছিলেন সাংবাদিক রুদ্র মাহফুজ। সিডি চয়েজে প্রকাশিত গানটি আজও শ্রোতাদের মধ্যে বহুল জনপ্রিয়, প্রায় তিন কোটি দর্শক উপভোগ করেছেন। নওমির প্রথম মিউজিক্যাল ফিল্ম ছিল ‘হৃদয়ের সীমানা’, এছাড়া তারা ‘স্বপ্ন মাঝে’র মতো গানেও একসঙ্গে কাজ করেছেন।

কিছুদিন আগে কানাডায় স্থায়ীভাবে বসবাসরত নওমি দেশে এসেছেন। দেশে ফেরার পরই ইমরানের নিজস্ব স্টুডিওতে ২১ ফেব্রুয়ারি রাতে নতুন একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি, তবে লিখেছেন আসিফ ইকবাল।

ইমরান মাহমুদুল বলেন, “দীর্ঘদিন পর নওমি দেশে এসেছে। আবার কিছুদিন পর চলে যাবে। তাই ভাবলাম নতুন একটি গান তার সঙ্গে করা যেতেই পারে। মূলত শ্রোতা-ভক্তদের জন্যই আমরা নতুন গানটি করেছি। আগেরবার যখন নওমি দেশে এসেছিলেন, তখন সবাই জানতে চেয়েছিল নতুন গান কবে আসবে। এবার সেই আশা পূরণের চেষ্টা করেছি।”

নওমি বলেন, “ইমরান ভাই সব সময়ই আমার খোঁজখবর রাখেন। সত্যি বলতে কী, ফেলে আসা দিনগুলো অনেক মিস করি। এবার আসার পর তিনিই মূলত আমাকে ডেকে এই গানটি গাওয়ান। আশা করছি ভবিষ্যতেও আরও কিছু গান একসঙ্গে করতে পারব। সম্ভব হলে কানাডাতেও মিউজিক ভিডিও করব।”

আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রে একসঙ্গে কী করছেন কাজী মারুফ-জায়েদ খান
নায়ক-নায়িকার পর মারা গেলেন এবার নির্মাতাও

এদিকে ইমরান মাহমুদুল নতুন গান প্রকাশ এবং স্টেজ শো, সিনেমার গানে ব্যস্ত সময় পার করছেন। নওমির সঙ্গে এই পুনর্মিলন তাদের ভক্তদের জন্য আনন্দের খবর হিসেবে দেখা হচ্ছে।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।