গাজার পক্ষে বিস্ফোরক প্রতিবাদ, পুরস্কার ফিরিয়ে দিলেন নির্মাতা
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও চলমান সহিংসতার প্রতিবাদে বার্লিনের চলচ্চিত্র অঙ্গনে সরাসরি নজির গড়লেন তিউনিসিয়ান নির্মাতা কাওথার বেন হানিয়া। সেখানে পুরস্কৃত হয়েও তিনি সেটি ফিরিয়ে দিয়েছেন। তার এই প্রতিবাদ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।
বার্লিনে আয়োজিত ‘সিনেমা ফর পিস অ্যাওয়ার্ড’-এ তার নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ চলচ্চিত্রটি ‘মোস্ট ভ্যালুয়েবল ফিল্ম’ হিসেবে নির্বাচিত হয়। ছবিটি নির্মিত হয়েছে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে।
নাম ঘোষণার পর মঞ্চে উঠে পুরস্কার হাতে নেন কাওথার বেন হানিয়া। কিন্তু মুহূর্তেই সবাইকে চমকে দিয়ে সেটি ফিরিয়ে দেন আয়োজকদের কাছে।
এসময় মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘হিন্দ রজবের হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত গণহত্যার অংশ। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও প্রতিষ্ঠানের প্রত্যক্ষ সহায়তায় ফিলিস্তিনে যা চলছে তা গণহত্যা। কিন্তু আমরা দেখছি, কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শান্তির নামে এই বাস্তবতাকে আড়াল করার চেষ্টা করছে। শান্তি কোনো সুগন্ধি নয়, যা সহিংসতার ওপর ছিটিয়ে দিলেই সব ঢাকা পড়ে যাবে।
আমি এই পুরস্কার বাড়ি নিয়ে যাবো না। যেদিন সত্যিকারের শান্তি প্রতিষ্ঠিত হবে, বিচার হবে, সেদিন আনন্দের সঙ্গে এটি গ্রহণ করব।’
তার বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে গাজা ইস্যুতে অবস্থান স্পষ্ট না করায় চলমান আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনও সমালোচনার মুখে। একাধিক শিল্পী ও নির্মাতা প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন।
বার্লিনের মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার ফিরিয়ে দিয়ে কাওথার বেন হানিয়া যে বার্তা দিলেন তা শুধু চলচ্চিত্র অঙ্গনেই নয় আন্তর্জাতিক রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনেও আলোড়ন তুলেছে।
এলআইএ