‘আমি কবিতার মেয়ে ববিতা’... কেন লিখলেন জয়া
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পেয়েছেন কিংবন্তিতুল্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। এই অর্জন উপলক্ষে সামাজিকমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।
আজ (২৮ ফেব্রুয়ারি) জয়া তার শৈশবের স্মৃতিমাখা পোস্টে লেখেন, ‘‘ছোটবেলায় নাকি আমি চুল গুছিয়ে মায়ের ঢলঢলে হাইহিল পরে ঘুরে বেড়াতাম। কেউ নাম জিজ্ঞেস করলে বলতাম, ‘আমি কবিতার মেয়ে ববিতা!’ কবিতাও ঠিক করে বলতে পারতাম না। ক-অ-বিতা!’’
ববিতার প্রতি সম্মানসূচক মন্তব্যে জয়া আরও বলেন, ‘‘ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস। তার কাছ থেকে আমরা শিখেছি অভিনয় কীভাবে শিল্প হয়ে ওঠে, শিল্পীর ব্যক্তিত্ব ও সৌন্দর্য কীভাবে বহন করতে হয়। বহু দুর্বল সিনেমা স্মরণীয় হয়ে আছে শুধুমাত্র তার অভিনয়গুণে। ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারাটি গড়ে উঠেছিল কেবলই তার অভিনয়ের শক্তিতে। বিশ্বসিনেমার মাঝে থেকেও তিনি অবিশ্বাস্য শক্তিতে নজর কেড়েছেন।’’
তিনি আরও যোগ করেন, ‘‘তার কাছ থেকে শেখার, নেওয়ার শেষ নেই। আমরা শুধু চলচ্চিত্রের লোক নই, বাংলাদেশের মানুষও তার প্রতি ঋণী।’’
সবশেষে জয়া অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘তার একুশে পদক প্রাপ্তিতে আমরা সবাই গর্বিত। যদিও এই পদক তাকে নতুন কিছু দিতে পারেনি। দেশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে তিনি বরাবরই পেয়েছেন মানুষের প্রাণঢালা ভালোবাসা। তাকে অনন্ত অভিনন্দন।’’
আরও পড়ুন:
দুই হাজার টাকা হাতে বিয়ে, ১৬ বছরের সংসার ছাড়লেন ইকরা
স্ত্রীর আত্মহত্যা নিয়ে মুখ খুললেন অভিনেতা জাহের আলভী
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়েছে। অভিনয়ের ক্ষেত্রে শিল্পকলা বিভাগে এই পুরস্কার লাভ করেছেন অভিনেত্রী ববিতা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে হাতে ‘একুশে পদক-২০২৬’ তুলে দেন।
এমএমএফ