আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস/ছবি: সংগৃহীত

ইরান-ইসরাইলের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস।

নিরাপত্তার স্বার্থে অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের এক জরুরি নোটিশে বলা হয়, নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের যেকোনো সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি খোলা আকাশের নিচে অবস্থান ও অপ্রয়োজনীয় জমায়েত এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে নগদ অর্থ, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী সবসময় সঙ্গে রাখার জন্য প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতের আইন ও স্থানীয় সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কিংবা ভিত্তিহীন তথ্য প্রচার করা দেশটির প্রচলিত আইনের পরিপন্থি। তাই এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের হটলাইন নম্বর ও ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস, আবুধাবি (হটলাইন):
+৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫
+৯৭১ ০২ ৪৪৬ ৫১০০
+৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২
+৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬
ইমেইল: [email protected]

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই (হটলাইন):
+৯৭১ ৫০৮১৬৮২৫৩
+৯৭১ ৫০৮১৬৮৩৬৩
ইমেইল: [email protected]

জেপিআই/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।