মাদ্রাসার সেই ছাত্র এখন নির্মাতা, প্রথম প্রযোজিত সিনেমা গুরুকে উৎসর্গ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১২ পিএম, ০১ মার্চ ২০২৬
‘প্রেশার কুকার’ সিনেমার পোস্টার

শিক্ষাজীবনটা তিনি শুরু করেছিলেন মাদ্রাসায়। সেখানে থেকেই নিজেকে নিয়ে স্বপ্ন দেখতেন একদিন বড় নির্মাতা হবেন। সময়ের স্রোতে সেই স্বপ্ন আজ সত্যি করতে পেরেছেন তিনি। বলছি চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীর কথা। ঢালিউডে গেল কয়েক বছরে ধারাবাহিকভাবে সবচেয়ে সফল নির্মাতা তিনি। তার সিনেমায় তার নামটিই দর্শকের আগ্রহের কারণ।

নির্মাণের পর এবার রাফী নাম লিখিয়েছেন প্রযোজনায়। তার প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘প্রেশার কুকার’। এটি পরিচালনাও করেছেন তিনি।

চার নারীর ভিন্ন জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেশার কুকার’। এতে প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন চার নায়িকা শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। সম্প্রতি প্রকাশিত তৃতীয় পোস্টারে দেখা গেছে পাঞ্জাবি-টুপি পরা এক কিশোর সরিষাখেতে দাঁড়িয়ে আছে, দূরে বোরকা পরিহিতা নারীদের উপস্থিতি। যা তারেক মাসুদের ‘মাটির ময়না’র পোস্টারের প্রতি এক ধরনের শ্রদ্ধার্ঘ্য হিসেবেই দেখছেন অনেকে।

সেটি স্পষ্ট করেছেন ছবির নির্মাতা রায়হান রাফী নিজেই। তার প্রযোজিত প্রথম সিনেমা ‘প্রেশার কুকার’ কিংবদন্তি নির্মাতা তারেক মাসুদকে উৎসর্গ করলেন তিনি।


তারেক মাসুদ

রাফী জানান, মাদ্রাসায় পড়ার সময় থেকেই চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সে সময় পত্রিকায় তারেক মাসুদের ‘মাটির ময়না’ কান উৎসবে যাওয়ার খবর তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সাক্ষাতে তারেক মাসুদের উৎসাহ পান তিনি।

সরাসরি কাজ করার সুযোগ না পেলেও তাকে গুরুর আসনে বসান রাফী। তাই প্রযোজক হিসেবে যাত্রার শুরুতেই প্রথম সিনেমাটি উৎসর্গ করলেন প্রিয় নির্মাতাকে।

গত কয়েক বছর কোরবানির ঈদে সিনেমা মুক্তি দিলেও এবার রোজার ঈদকে বেছে নিয়েছেন রাফী। আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নারীকেন্দ্রিক গল্পের এই চলচ্চিত্র।


রায়হান রাফি

সামাজিক যোগাযোগমাধ্যমে রাফী লেখেন, ‘কোন ‘মাটির ময়না’ গাইবে আমার মুক্তির গান? আ ট্রিবিউট টু তারেক মাসুদ। প্রেশার কুকার আসছে ঈদুল ফিতরে।’

রাফীর ব্যাখ্যা অনুযায়ী, ‘প্রেশার কুকার’ শুধু একটি রান্নার পাত্র নয়, বরং দ্রুত সাফল্যের চাপের প্রতীক। তার ভাষায়, ‘ঢাকা শহরটা যেন এক প্রেশার কুকার। সেখানে মানুষ অল্প সময়ে বড়লোক ও জনপ্রিয় হতে চায়। বিশেষ করে কয়েকজন নারী চরিত্র এখানে সব সময় চাপের মধ্যে সেদ্ধ হতে থাকে। একসময় তারা মুক্তি খোঁজে, আর তাদের গল্প এক বিন্দুতে এসে মিশে যায়।’


তারেক মাসুদকে উৎসর্গ করে নিজের সিনেমার পোস্টার প্রকাশ করেছেন রায়হান রাফি

প্রযোজক হিসেবে নতুন অধ্যায়ের শুরুতেই প্রিয় নির্মাতাকে স্মরণ করে ‘প্রেশার কুকার’কে নিজের ‘শ্রদ্ধার্ঘ্য’ হিসেবে দেখছেন রায়হান রাফী।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।